জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের বিষয়ে অভিযোগ গঠনের শুনানি আজ মঙ্গলবার হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আজ আসামিপক্ষের শুনানি হওয়ার কথা ছিল।এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেলাওয়ার হোসাইন সাঈদী ‘ভ্রমণের অনুপযোগী’। এ জন্য আজ তাঁকে ট্রাইব্যুনালে পাঠানো সম্ভব নয়।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযুক্ত ব্যক্তি উপস্থিত না থাকায় তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি হবে না।গত ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করে। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে ৩১টি মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে রয়েছে হত্যা, ধর্ষণ, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ।