সাঈদীর বিরুদ্ধে অষ্টম সাক্ষীর জেরা শুরু
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষীর মোস্তফা হাওলাদারকে (৫৬) জেরা করছেন আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিচারকাজ শুরু হয়। গতকাল রোববার জেরা অসমাপ্ত রেখেই ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়েছিল।সাক্ষীর কাছে আইনজীবী মিজানুল জানতে চান, রাষ্ট্রপক্ষের এক সাক্ষী মানিক পসারির বাড়ি থেকে তদন্তকারী কর্মকর্তা যখন মানবতাবিরোধী অপরাধ সংঘটনের বিভিন্ন আলামত জব্দ করছিলেন, তখন তিনি উপস্থিত ছিলেন কি না। জবাবে সাক্ষী জানান, তিনি এ সময় সেখানে ছিলেন।ইব্রাহীম ওরফে কুট্টি ও তাঁর শ্যালক সিরাজকে পাকিস্তানি সেনারা হত্যা করার পর কুট্টির স্ত্রী বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ১৯৭২ সালে মামলা করেছিলেন। এ বিষয়টি মোস্তফা হাওলাদার জানেন কি না, জানতে চাইলে তিনি না করেন। এ ছাড়া আইনজীবী মিজানুল ১২ জন রাজাকারের নাম উল্লেখ করে তাদের চেনেন কি না, তা সাক্ষীর কাছে জানতে চান। সাক্ষী এদের মধ্যে দানেশ মোল্লা, সেকেন্দার শিকদার, মোসলেম মওলানা ও রুহুল আমিনকে চিনতে পারেন।