সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ বায়বীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে ঢালাও ও বায়বীয় বলে উল্লেখ করেছে আসামিপক্ষ। গতকাল বুধবার আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনকালে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম এ কথা বলেন।মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানির ধার্য দিন ছিল গতকাল। এ জন্য সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।শুরুতে সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনালের দেওয়া গত ১৪ জুলাইয়ের আদেশ প্রত্যাহারের (রিকল) আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করেন।এরপর আসামিপক্ষের আইনজীবী সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বক্তব্য উপস্থাপন শুরু করেন। তিনি বলেন, সাঈদী ১৯৭১ সালের ৩ মে থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। কিন্তু অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করা হয়নি; অপরাধ ও এর উপাদান নির্দিষ্ট করে বলা হয়নি; ঢালাও ও বায়বীয় অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের আইনি ভিত্তি অপর্যাপ্ত।তাজুল ইসলাম বলেন, সাক্ষীদের বিষয়েও বিস্তারিত তথ্য নেই। কিন্তু সাক্ষীদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য থাকতে হবে। তিনি এ বক্তব্যের যৌক্তিকতা বোঝাতে নাগরিক ও রাজনৈতিক অধিকারসংক্রান্ত আন্তর্জাতিক সনদ (আইসিসিপিআর), আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং বিভিন্ন দেশের এ ধরনের আদালতের উদাহরণ তুলে ধরেন।আসামিপক্ষের বক্তব্য অসমাপ্ত অবস্থায় বেলা একটার দিকে ট্রাইব্যুনাল আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।