মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। তাঁর অপরাধ আমলে নেওয়ার বিষয়ে আগামী ১৪ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে।আজ সোমবার বেলা দুইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদেশে আরও বলা হয়, ওই দিন সাঈদীর জামিন আবেদনের ওপর শুনানি হবে।মানবতাবিরোধী অপরাধ তদন্তের জন্য গঠিত সংস্থা গত ৩১ মে সাঈদীর বিরুদ্ধে ১৫ খণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য করেন।শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর (রাষ্ট্রপক্ষের আইনজীবী) গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, তদন্তে সাঈদীর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, লুণ্ঠন ও ধর্ষণের সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ আইন, ১৯৭৩-এর ৩(২) ধারা অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ পাওয়ার এ বিষয়টি আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে।ট্রাইব্যুনালের আইন ও বিধি অনুসারে, সাঈদীর বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস (প্রাথমিক অভিযোগ) পাওয়া গেলে ট্রাইব্যুনাল অপরাধ আমলে নেবেন এবং অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য করবেন। ওই দিন থেকে বিচার শুরু হবে।