সাঈদীর বিরুদ্ধে এবারও নিয়মিত সাক্ষী নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘শেষ সুযোগ’-এর দিনেও নিয়মিত সাক্ষী আনতে পারেনি রাষ্ট্রপক্ষ। তার পরিবর্তে গতকাল রোববার রাষ্ট্রপক্ষ তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসেবে হাজির করেছে। আসামিপক্ষ এর বিরোধিতা করেছে। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য ২০ মার্চ দিন ধার্য করা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কাছে সাক্ষীর বিষয়ে জানতে চান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, রাষ্ট্রপক্ষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য পরীক্ষা করতে চায়। ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, রাষ্ট্রপক্ষ কি তাদের অংশের সাক্ষ্য গ্রহণ শেষ করছে? কৌঁসুলি বলেন, এ পর্যায়ে তদন্তকারী কর্মকর্তাকে পরীক্ষা করা হোক। একই সঙ্গে পরে আর কোনো সাক্ষী এলে তাঁদের সাক্ষ্য নেওয়ার সুযোগ চান তিনি।নিয়মিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ না হলে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য নেওয়া যায় কি না—ট্রাইব্যুনালের এ প্রশ্নের জবাবে হায়দার আলী বলেন, তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য সবার শেষে নিতে হবে, এমন রেওয়াজ মনে হয় পরিবর্তন হয়েছে। অনেক মামলায় তদন্তকারী কর্মকর্তাকে দিয়েই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মানবতাবিরোধী অপরাধের মামলার প্রকৃতি অন্য মামলা থেকে আলাদা উল্লেখ করে তিনি বলেন, এ জন্য রাষ্ট্রপক্ষ এখনই নিয়মিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ করতে চায় না।আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম এর বিরোধিতা করে বলেন, এ বিষয়ে আসামিপক্ষের ধারণা হচ্ছে, যেহেতু আজ (গতকাল) সাক্ষী হাজির করার বিষয়ে ট্রাইব্যুনালের সময়সীমা শেষ হচ্ছে এবং রাষ্ট্রপক্ষ নতুন কোনো সাক্ষী আনতে পারেনি, তাই তারা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসেবে হাজির করেছে। কিন্তু কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা যখন সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত হন, স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়, রাষ্ট্রপক্ষের আর কোনো সাক্ষী নেই। তিনি বলেন, এ মামলার নিয়মিত সাক্ষী ৬৮ জন, এর মধ্যে মাত্র ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এখনো ৫০ জন সাক্ষী বাকি আছে। এ অবস্থায় তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিলে রাষ্ট্রপক্ষকে বলতে হবে, তাদের অংশের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।দুই পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে বলেন, অন্য সাক্ষীদের সম্বন্ধে রাষ্ট্রপক্ষ কী ভাবছে, তা লিখিত আবেদন করে ট্রাইব্যুনালকে জানাতে হবে। ওই আবেদনের ওপরে ট্রাইব্যুনাল আদেশ দেবেন। এরপর সাক্ষ্য গ্রহণ করা হবে।এ সময় আসামিপক্ষের আইনজীবী বলেন, এ আবেদনের বিষয়ে শুনানি দরকার। ট্রাইব্যুনাল বলেন, প্রয়োজন হলে শুনানি হবে।পরে ট্রাইব্যুনাল ২০ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের দিন ধার্য করেন। মামলার এ পর্যায়ে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে কি না, এ বিষয়ে ওই দিন আদেশ দেবেন ট্রাইব্যুনাল।সাঈদীর বিরুদ্ধে মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে ১৮ জন নিয়মিত ও নয়জন জব্দ তালিকার সাক্ষী। গত ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে সর্বশেষ সাক্ষী হাজির করার পর প্রায় এক মাস পার হয়ে গেলেও রাষ্ট্রপক্ষ নতুন কোনো সাক্ষী হাজির করতে পারেনি। ওই দিন রাষ্ট্রপক্ষের ২৭তম সাক্ষী সাঈফ মিজানুর রহমান সাক্ষ্য দেন। ৪ মার্চ এ মামলায় সাক্ষ্য গ্রহণ হলেও ওই দিন রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী সাংবাদিক আবেদ খানের অসম্পূর্ণ জেরা শেষ করে আসামিপক্ষ। এরপর সাক্ষ্য গ্রহণের দিন কয়েকবার ধার্য করা হলেও রাষ্ট্রপক্ষ নতুন সাক্ষী আনতে পারেনি। ৭ মার্চ ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে সাক্ষী আনার ‘শেষ সুযোগ’ দিয়ে গতকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেন।ট্রাইব্যুনালের মন্তব্যে আসামিপক্ষের আপত্তি: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ প্রসঙ্গে ট্রাইব্যুনালের করা মন্তব্যে আপত্তি জানিয়েছে আসামিপক্ষ। গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে জামায়াতের আটক নেতাদের আইনজীবী দলের প্রধান আবদুর রাজ্জাক বলেন, তদন্ত ও সাক্ষীদের বিষয়ে ট্রাইব্যুনালের মন্তব্য রাষ্ট্রপক্ষকে সাহায্য করছে, এতে আসামিপক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবদুর রাজ্জাক তাঁর বক্তব্যের সমর্থনে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের উল্লেখ করেন।ট্রাইব্যুনাল বলেন, রাষ্ট্রপক্ষকে তদন্তে ত্রুটির কথা বলা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে ট্রাইব্যুনাল বিভিন্ন প্রশ্ন করেছেন। অভিযোগ কেন আনা হয়েছে, কী বিষয়ে আনা হয়েছে—এগুলো নিয়ে প্রশ্ন হবেই। ট্রাইব্যুনাল পাল্টা প্রশ্ন করেন, এসব বিষয়ে কি প্রশ্ন করা যাবে না? তাহলে তো ট্রাইব্যুনালের মুখ বন্ধ করে থাকতে হবে। আসামিপক্ষ যদি মনে করে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সে ধারণা ও চিন্তা ভুল।ট্রাইব্যুনাল আরও বলেন, কোনো প্রশ্নেই আসামিপক্ষ ক্ষতিগ্রস্ত হবে না, এ নিশ্চয়তা ট্রাইব্যুনাল দিচ্ছেন। ট্রাইব্যুনাল সত্য খুঁজে বের করার চেষ্টা করছেন, এ জন্য উভয় পক্ষকেই সহযোগিতা করতে হবে।