সাঈদীর বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর জেরা শেষ
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী সুলতান আহমেদ হাওলাদারের জেরা শেষ হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার পঞ্চম সাক্ষীর জবানবন্দির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।আজ বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টায় এই বিচার কার্যক্রম শুরু হয়। এ সময় সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী সুলতান আহমেদ হাওলাদারকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম, কফিল উদ্দিন চৌধুরী ও মনজুর আহমেদ আনসারী।এর আগে সাঈদীকে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।জেরার শুরুতে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম সাক্ষী সুলতান আহমেদের কাছে জানতে চান, তিনি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা কি না। জবাবে সুলতান আহমেদ বলেন, তিনি তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা নন।পরে আইনজীবীর অন্য এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, মুক্তিযুদ্ধে সহায়ক ভূমিকা পালন করেছেন তিনি। তাই তিনি তালিকাভুক্তির জন্য আবেদন করেছেন। কিন্তু এ জন্য পিরোজপুরের স্থানীয় সাংসদ এ কে এম এ আওয়াল সুপারিশ করেছেন বলে আইনজীবীর দাবি সত্য নয় বলে তিনি জানান।এরপর আইনজীবীর জেরায় সাক্ষী বলেন, নিম্ন আদালতে তাঁর এক আত্মীয়ের করা ‘কলা চুরি’র মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে আছেন।পরে সাক্ষী বলেন, তাঁর জবানবন্দিতে দেওয়া নিহত কুট্টি পরিবারের কোনো সদস্যের নাম তিনি জানেন না। আইনজীবী এ সময় স্থানীয় কয়েকজন রাজাকারের নাম উল্লেখ করে সুলতান আহমেদের কাছে জানতে চান তিনি তাঁদের চেনেন কি না। এদের মধ্যে কয়েকজনকে সুলতান আহমেদ চিনতে পারেন।