সাঈদীর বিরুদ্ধে চার্জ গঠন ১০ আগস্ট, জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর অপরাধ আমলে নেওয়ার বিষয়ে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার সাঈদীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।ট্রাইব্যুনাল ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ), তদন্ত প্রতিবেদন এবং তিনটি ডিভিডিতে সরবরাহকৃত তথ্য পরীক্ষা করে সাঈদীর বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়ায় চার্জ গঠনের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেছেন। আর ১৯ জুলাই আসামি পক্ষের আইনজীবীদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষ হয়। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। ১১ জুলাই ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হয়।