সাঈদীর বিরুদ্ধে জবানবন্দি দিলেন তৃতীয় সাক্ষী
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী মো. মিজানুর রহমান তালুকদারের জবানবন্দি দেওয়া শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম রাষ্ট্রপক্ষের এ সাক্ষীকে জেরা করছেন।আজ সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ইংরেজি দৈনিক নিউ এজের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য থাকায় পত্রিকাটির সম্পাদক নূরুল কবীর এবং তাঁর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ট্রাইব্যুনালে উপস্থিত হন।মোস্তাফিজুর রহমান খান ট্রাইব্যুনালকে বলেন, যেহেতু ট্রাইব্যুনালে একটি বিচার কার্যক্রম চলছে সেহেতু আদালত অবমাননার বিষয়ে শুনানির জন্য পরে একটি দিন ধার্য করুন। ট্রাইব্যুনাল এ আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।