সাঈদীর বিরুদ্ধে জবানবন্দি শেষ করলেন হেলালউদ্দিন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনের জবানবন্দি শেষ হয়েছে। তাঁকে জেরার জন্য কাল বুধবার দিন ধার্য করা হয়েছে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-১-এ (এক সদস্য অনুপস্থিত) আজ মঙ্গলবার নবম দিনের মতো জবানবন্দি দেন হেলালউদ্দিন।রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষী হেলালউদ্দিন আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে না পারা ১৫ সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করেন। এ ছাড়া তদন্তকালে জব্দ করা কয়েকটি বইয়ের তালিকাও উপস্থাপন করেন।আজ কার্যক্রমের শুরুতে সাঈদী নিজে মামলার কার্যক্রম মুলতবির আরজি জানান। একটি লিখিত আবেদনে তিনি বলেন, হরতালের কারণে তাঁর নিয়োগ দেওয়া জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে আসতে পারেননি। এ জন্য তিনি মামলার কার্যক্রম মুলতবি চান। তবে গতকাল অনুরোধ আরজিতে কার্যক্রম মুলতবি করলেও ট্রাইব্যুনাল আজ কার্যক্রম মুলতবি করেননি। বেলা পৌনে ১২টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে ট্রাইব্যুনাল-১ কাল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।