সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তিনি গতকাল রোববার এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দেওয়া শুরু করেন।তদন্তকারী কর্মকর্তা জবানবন্দি দেওয়ার সময় রাষ্ট্রপক্ষ ও আসামি-পক্ষের আইনজীবীদের মধ্যে কয়েক দফা বিতর্ক হয়। একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের মধ্যেও বিতর্ক হয়।আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। শুরুতে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম সাক্ষ্য গ্রহণ মুলতবির আরজি জানান। তিনি বলেন, গত ২৯ মার্চ তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া ১৫ জন সাক্ষীর জেরা না করা জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন। আসামিপক্ষ ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করবে। কিন্তু আদেশের প্রত্যায়িত অনুলিপি না পাওয়ায় এখনো আবেদন করা যায়নি। পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর হলে তদন্তকারী কর্মকর্তার জেরা অন্যরকম হবে। এ জন্য তাঁর সাক্ষ্য গ্রহণ মুলতবি করা হোক।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী এই আবেদনের বিরোধিতা করে বলেন, তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের সঙ্গে পুনর্বিবেচনার আবেদনের কোনো সম্পর্ক নেই।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আগেও বলা হয়েছে যে পুনর্বিবেচনার আবেদন করা হলে মামলার সাধারণ কার্যক্রম বন্ধ হবে না। পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর হলে আইন নিজের গতিতে চলবে। এ জন্য মুলতবির আবেদন খারিজ করা হলো।এরপর হেলালউদ্দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সৈয়দ হায়দার আলী জবানবন্দি নেন। জবানবন্দিতে হেলালউদ্দিন জানান, সাঈদীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের প্রস্তুতিকালে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন বই, নথিপত্র, সংবাদপত্র প্রভৃতি পর্যালোচনা করেন। ‘জেনোসাইড বাংলাদেশ’ নামের একটি ওয়েবসাইট থেকে জানা যায়, বরিশালসহ ঝালকাঠি, রাজাপুর, কাউখালী, স্বরূপকাঠি, কাঠালিয়া, পিরোজপুর, মঠবাড়িয়া ও বাবুগঞ্জ এলাকার ৬০ শতাংশ বাড়িঘর মুক্তিযুদ্ধকালে ধ্বংস হয়ে গেছে। এসব এলাকায় বধ্যভূমি ও গণকবরের সংখ্যা ৪৭টি। তিন হাজার ৪০০ নারী ধর্ষণের শিকার হয়েছেন, আড়াই হাজার কঙ্কাল পাওয়া গেছে। ৬৫ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসানের একটি বই উদ্ধৃত করে তিনি বলেন, পিরোজপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠন করা হয়েছিল। পিরোজপুরের ১৮ জন রাজাকারের তালিকার ১৬ নম্বরে সাঈদীর নাম আছে।এই পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ও মিজানুল ইসলাম তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি নিয়ে আপত্তি জানান। তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ যে বই বা নথির অনুলিপি আসামিপক্ষকে সরবরাহ করেনি, সেসব বই বা নথিতে অন্তর্ভুক্ত বক্তব্য তদন্তকারী কর্মকর্তার জবানবন্দিতে সাক্ষ্য হিসেবে সংরক্ষণ করা যাবে না। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা এর বিরোধিতা করেন।ট্রাইব্যুনাল তাজুল ইসলামের কথা বলার ধরন নিয়ে আপত্তি জানান। এ নিয়ে কিছুক্ষণ বিতর্ক হয়। এর বেশ কিছুক্ষণ পর মধ্যাহ্নের বিরতি দেওয়া হয়।বিরতির পর জবানবন্দিতে হেলালউদ্দিন জানান, তদন্তকালে তিনি একাত্তরে পাকিস্তানি সেনাদের সহযোগীদের বিষয়ে শামসুল আরেফিনের একটি বই থেকে জানতে পারেন, ২০০১ সালের ৫ মার্চ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। ওই প্রতিবেদন থাকা পত্রিকাটি তাঁর জিম্মায় আছে।ওই বই ও পত্রিকার কোনটি ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে প্রদর্শিত হবে, তা নিয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে বিতর্ক হয়। মিজানুল ইসলাম বলেন, যেহেতু বইটি আসামিপক্ষকে সরবরাহ করা হয়নি, এ জন্য ওই বই নিয়ে কোনো কথা বলা যাবে না। তবে পত্রিকাটি জব্দ তালিকায় আছে, সেটির বিষয়ে বলা যাবে।এ সময় সৈয়দ হায়দার আলী বলেন, এটা আইনে নেই যে আসামিপক্ষকে সরবরাহ করা না হলে কোনো বইয়ের বিষয়ে কথা বলা যাবে না। বইটি থেকে তদন্তকারী কর্মকর্তা ধারণা নিতে পারেন, এ জন্য অবশ্যই তিনি বইটির কথা উল্লেখ করতে পারেন।ট্রাইব্যুনাল বিষয়টির সমাধান করে বলেন, ‘আমি ওই বই পড়ে অবগত হই এবং তারপর জনকণ্ঠ পত্রিকাটি জব্দ করি’—এভাবে জবানবন্দি সংরক্ষণ করা যাবে।এরপর হেলালউদ্দিন জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত ‘একাত্তরের রাজাকার দেইল্লা এখন মাওলানা সাঈদী’ শীর্ষক ওই প্রতিবেদনের মূল বিষয়গুলো ক্রমানুসারে উপস্থাপন করেন। তিনি বলেন, একাত্তরে সাঈদী ‘রাজাকার দেইল্লা’ বলে পরিচিত ছিলেন, স্বাধীনতার পর ভোল পাল্টে মাওলানা সাঈদী হয়েছেন। দেশের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের বাবা পিরোজপুরের তৎকালীন এসডিপিও ফয়জুর রহমান আহমেদের হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। বিজয়ের প্রাক্কালে তিনি মুক্তিযোদ্ধা আবদুল আজিজকে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। পাকিস্তানি সেনাদের ভোগের জন্য তিনি বলপূর্বক মেয়েদের ধরে সেনাক্যাম্পে পাঠাতেন।তদন্ত কর্মকর্তা আরও বলেন, তিনি নিজে সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করেছেন। এ ছাড়া প্রতিটি ঘটনাস্থলের স্থির ও ভিডিওচিত্র ধারণ করেছেন। এলজিইডির জিআইএস শাখার প্রকৌশলীদের সাহায্য নিয়ে ঘটনাস্থলের ‘স্কেচ ম্যাপ’ তৈরি করেছেন।জবানবন্দি অসমাপ্ত অবস্থায় ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করেন।নিজামীর বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ১৫ এপ্রিল: জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৫ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। গতকাল এই যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। কিন্তু সময়ের স্বল্পতার জন্য দিন পুনর্নির্ধারণ করা হয়।