সাঈদীর বিরুদ্ধে তদন্তে ষষ্ঠবারের মতো তদন্ত দল পিরোজপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত করতে তদন্ত দল পিরোজপুরে গেছে। আজ শুক্রবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ষষ্ঠবারের মতো পিরোজপুরে যায়। চার সদস্যের তদন্ত দলে দুজন পরিদর্শক এবং দুজন প্রসিকিউটর রয়েছেন। এঁরা হলেন—পরিদর্শক শাহজাহান কবির ও হরিদেব নাথ এবং প্রসিকিউটর আলতাফ উদ্দিন ও ওমর খৈয়াম মো. সাইফুল ইসলাম। প্রসঙ্গত, এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি তদন্ত দল পঞ্চমবারের মতো পিরোজপুরে একই বিষয়ে তদন্ত করেছিল।তদন্ত দলের সদস্য পরিদর্শক শাহজাহান কবির জানান, এবারের তদন্তে সাঈদীর বিরুদ্ধে করা হত্যা ও লুটপাট মামলার সাক্ষীদের মধ্যে বাকি থাকা কয়েক সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।২০০৯ সালের অক্টোবরে পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের মানিক পশারী এবং জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুবুর রহমান বাদী হয়ে পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পৃথক দুটি মামলা করেন। উভয় মামলাতেই সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা ও লুটপাটের অভিযোগ আনা হয়।