সাঈদীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তসংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলামের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি এ বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হবে। এর আগে সকালে তদন্ত সংস্থা প্রসিকিউশন প্যানেলের কাছে সাঈদীর বিষয়ে ওই প্রতিবেদন জমা দেয়।এদিকে মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ দ্রুত শেষ করতে গতকাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফের কাছে মুক্তিযোদ্ধা সংসদ স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে জামায়াতের সাবেক আমির গোলাম আযমসহ চিহ্নিত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এই দাবির পরিপ্রেক্ষিতে গোলাম আরিফ সাংবাদিকদের বলেছেন, গোলাম আযমের বিষয়ে তাঁদের সব করণীয় প্রায় শেষ হয়েছে। সময়ক্ষেপণ না করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সাঈদীর বিষয়ে তদন্তে নিয়োজিত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, সাঈদীর বিরুদ্ধে তদন্ত বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সে হিসেবে তদন্তের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদন প্রশ্নে তিনি বলেন, তদন্ত চলছে। সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। সময় চাওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আরজি জানানো হয়েছে।বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মিছিল করে ট্রাইব্যুনাল ভবনে যান। পুলিশ ভবনের ফটকে তাঁদের আটকে দেয়। এ সময় হেলাল মোর্শেদ চৌধুরী বলেন, ‘একজন-দুজন নয়, মুক্তিযুদ্ধের সময় যারাই অপরাধ করেছে, তাদের সবার বিচার করতে হবে। এই বিচারকাজ ত্বরান্বিত করতে হবে। দেশে-বিদেশে এই বিচারের বিরুদ্ধে চক্রান্ত চলছে। বিচার ত্বরান্বিত না করলে এই ষড়যন্ত্র আরও দানা বাঁধবে।’ উপস্থিত মুক্তিযোদ্ধারা এ সময় স্লোগান দিয়ে মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার ও ফাঁসি দাবি করেন।মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, সুলতান উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, যুগ্ম মহাসচিব শফিকুল বাহার, শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।এরপর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান। এতে গোলাম আযমসহ চিহ্নিত মানবতাবিরোধী অপরাধীদের গ্রেপ্তার দাবি করে বলা হয়, বিচারকাজ দীর্ঘায়িত হওয়ায় অপরাধীরা বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় ধ্বংসাত্মক ও নাশকতামূলক কাজে ইন্ধন জোগানোর অপপ্রয়াস পাচ্ছে। প্রতিদিন তারা নানা রকম বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল গ্রহণ করছে। গোলাম আযমসহ সব চিহ্নিত ও কুখ্যাত অপরাধীরা বাইরে মুক্ত অবস্থায় থাকলে দেশে-বিদেশে আরও অপপ্রচার চালাতে পারে। গোলাম আযমকে গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে গোলাম আরিফ বলেন, ‘গোলাম আযম একজন চিহ্নিত যুদ্ধাপরাধী। মুক্তিযুদ্ধের সময় তাঁর কাজের কথা মানুষ জানে। তাঁর ব্যাপারে আমাদের করণীয় শেষ হয়েছে। সময়ক্ষেপণ না করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ গোলাম আযমের বিরুদ্ধে ঠিক কবে ব্যবস্থা নেওয়া হবে—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট মাস বলতে পারব না। যত শিগগির সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।’ ব্যবস্থা নেওয়া বলতে গ্রেপ্তার বোঝাচ্ছেন কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আপনারা বুঝে নেন।’