সাঈদীর বিরুদ্ধে মামলার আলামত দেখালেন তদন্ত কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আলামত হিসেবে ট্রাইব্যুনালকে মুক্তিযুদ্ধকালে আগুনে পোড়া ঘরের ঢেউটিন, খুঁটি ও চৌকাঠ দেখিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিন। তিনি তদন্তকালে এসব আলামত পেয়েছেন।হেলালউদ্দিন গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন। বেলা দুইটার দিকে এ মামলার কার্যক্রম শুরু হয়। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর এক সদস্য গতকাল অনুপস্থিত ছিলেন। আসামির কাঠগড়ায় সাঈদীকে হাজির করা হয়। চারটি ঢেউটিন, একটি খুঁটি ও একটি চৌকাঠকে এ মামলার বস্তুগত আলামত হিসেবে ট্রাইব্যুনালকে দেখিয়ে হেলালউদ্দিন বলেন, চারটি ঢেউটিনের মধ্যে দুটি পিরোজপুরের আলমগীর পশারির বাড়ি থেকে ও অপর দুটি মানিক পশারির বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলো অনেক পুরোনো, আগুনে পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে। আগুনে পোড়ার চিহ্ন থাকা খুঁটি ও চৌকাঠটি মানিকের বাড়ি থেকে সংগ্রহ করা। ট্রাইব্যুনাল জানতে চান, চারটি টিনের কথা বলা হলেও ছয়টি দেখা যাচ্ছে কেন? জবাবে তদন্তকারী কর্মকর্তা বলেন, চারটি টিন জব্দ করা হয়েছিল, কিন্তু অনেক পুরোনো হওয়ায় আনার সময় ভেঙে ছয়টি হয়ে গেছে।আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম এ সময় বলেন, এগুলো যে ৪০ বছরের পুরোনো নয়, তা রাষ্ট্রপক্ষের কাগজপত্রেই আছে। জবাবে রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলি বলেন, আসামিপক্ষ কি তদন্তকারী কর্মকর্তার সঙ্গে গিয়েছিলেন?ট্রাইব্যুনাল কৌঁসুলিকে বলেন, ‘এ কথা ওনারা (আসামিপক্ষ) বলতেই পারেন। তাঁদের এটা বলার অধিকার আছে।’ওই আলামত ছাড়াও হেলালউদ্দিন গতকাল বিভিন্ন ঘটনাস্থলের ‘স্কেচ ম্যাপ’ ও দলিলাদি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এগুলোর মধ্যে রয়েছে, রাষ্ট্রপক্ষের সাক্ষী মধুসূদন ঘরামি ও মাহাবুবুল আলম হাওলাদারের বাড়ি এবং পার্শ্ববর্তী এলাকার নকশাসহ মানচিত্র, ঘটনার শিকার বিসাবালীর ঘর ও আশপাশের মানচিত্র, পিরোজপুরের পারেরহাট বন্দরের রিকশাস্ট্যান্ডের নকশাসহ মানচিত্র প্রভৃতি। এ ছাড়া অভিযোগ প্রমাণের জন্য দৈনিক জনকণ্ঠ, সমকালসহ বিভিন্ন সংবাদপত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। হেলালউদ্দিন বলেন, তদন্তকালে সংগ্রহ করা তথ্যপ্রমাণ, জব্দ তালিকা, জিম্মানামা, স্কেচম্যাপ, সূচিপত্র, সংবাদপত্র, সরকারি কাগজপত্র ও অন্যান্য সব দলিলাদি একত্রিত করে ‘অরিজিনাল ডকুমেন্ট’ নামে ১১ থেকে ১৪ নম্বর খণ্ডে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির মাধ্যমে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এ ছাড়া স্থির ও ভিডিওচিত্র এবং সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র সিডিতে (কমপ্যাক্ট ডিস্ক) দাখিল করা হয়েছে।গতকাল জবানবন্দির শুরুতে হেলালউদ্দিন জানান, এই মামলার তদন্তের জন্য তিনি ১৯৪৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভারত ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বই, মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক বই, জার্নাল, পুস্তিকা ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করেছেন। এ ছাড়া বিভিন্ন পত্রিকা, রেডিও-টিভিতে প্রচারিত তথ্যচিত্র, ইন্টারনেট প্রভৃতি থেকে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী তাঁর জবানবন্দি নেন।বিকেল চারটার দিকে হেলালউদ্দিনের জবানবন্দি অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।দুই পক্ষের ওপরই অসন্তুষ্ট ট্রাইব্যুনাল: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কার্যক্রম শুরু হলে কার্যতালিকা অনুসারে ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু করতে বলেন। তবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী এ মামলার কার্যক্রম পরে শুরু করার আরজি জানান। তিনি বলেন, কয়েকটি কাগজপত্র এখনো হাতে আসেনি। সৈয়দ হায়দার আলীও এখনো পৌঁছাননি।এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা (ট্রাইব্যুনাল) এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করছি। কাগজপত্র আগের দিন বিকেলে ঠিক করে রাখবেন। এ আরজিতে আমরা মোটেই খুশি নই।’কার্যতালিকার দ্বিতীয় স্থানে ছিল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন। কিন্তু তাঁর আইনজীবী ফরিদ উদ্দিন খান ট্রাইব্যুনালে বলেন, আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক আজ (সোমবার) দেশে ফিরবেন। আগামীকাল (মঙ্গলবার) তিনি ট্রাইব্যুনালে আসবেন।এতে আরও বিরক্তি প্রকাশ করে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফের উদ্দেশে বলেন, ‘রাজ্জাক সাহেব আসুক, আপনার প্রসিকিউটর আসুক, ততক্ষণ আমরা এখানে ঘুমাই। এভাবে চললে মানুষের কাছে কী বার্তা যাবে?’পরে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, ‘আমরা বলেছিলাম, আবদুর রাজ্জাক ৯ এপ্রিল দেশে ফিরবেন, এ জন্য কাদের মোল্লার বিরুদ্ধে মামলার দিন ১০ এপ্রিল ধার্য চেয়েছিলাম। কিন্তু ভুল-বোঝাবুঝির কারণে ট্রাইব্যুনাল ৯ এপ্রিল দিন ধার্য করেন।’ হায়দার আলী প্রসঙ্গে তিনি বলেন, দু-এক দিন যে কারও সমস্যা হতে পারে।পরে ট্রাইব্যুনাল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় অভিযোগের বিষয়ে শুনানির জন্য আজ দিন পুনর্নির্ধারণ করেন।