সাঈদীর বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আবারও অপেক্ষাধীন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যেকোনো দিন এই রায় ঘোষণা করা হবে।বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী আসামিপক্ষের উপস্থাপিত যুক্তি খণ্ডনের পর ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষাধীন (সিএভি-কেস অ্যায়োইটস ভারডিক্ট) রাখেন।এ নিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলা রায়ের অপেক্ষায় রইল। ট্রাইব্যুনাল-২-এ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায়ও যেকোনো দিন রায় হতে পারে। ওই ট্রাইব্যুনাল ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।গতকাল আসামিপক্ষের যুক্তি খণ্ডনকালে সৈয়দ হায়দার আলী বলেন, ১৯৫ জন পাকিস্তানি সেনাকে হস্তান্তরের বিষয়ে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল, তা কখনো সংসদে উপস্থাপিত না হওয়ায় আইন হিসেবে কার্যকর হয়নি। এ জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে শুধু ওই ১৯৫ জন সেনার বিচারের কোনো বাধ্যবাধকতা নেই। মুখ্য অপরাধীদের বাদ দিয়ে সহযোগীদের বিচারে কোনো বাধা নেই। কারণ, ট্রাইব্যুনালস আইনে সহযোগিতাও সমান অপরাধ। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে পিরোজপুরের পারেরহাটে সেকান্দার শিকদারের নেতৃত্বে গঠিত শান্তি কমিটিতে সাঈদী সদস্য ছিলেন।শেষ পর্যায়ে হায়দার আলী বলেন, ‘যেহেতু আমরা সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৯টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি, এ জন্য তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’যুক্তি খণ্ডন শেষে আসামির কাঠগড়ায় থাকা সাঈদী দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা রাষ্ট্রপক্ষের সব অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক কারণে তাঁকে বিচারের আওতায় আনা হয়েছে। শেষ দিকে তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আমার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা, তাঁর সহযোগী রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও মিথ্যা সাক্ষ্যদাতাদের হেদায়েত কোরো। আর হেদায়েত তাঁদের নসিবে না থাকলে তাঁদের সবাইকে শারীরিক, মানসিক ও পারিবারিকভাবে অশান্তির আগুনে দগ্ধ কোরো; যেমন আমাকে, আমার পরিবারকে এবং বিশ্বব্যাপী আমার অগণিত ভক্তকে মানসিক যন্ত্রণা দিয়েছে। জাহান্নাম কোরো তাঁদের চিরস্থায়ী ঠিকানা।’রাষ্ট্রপক্ষ এ বক্তব্যের জোরালো আপত্তি জানালে এজলাসে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগিবতণ্ডা ও হট্টগোল শুরু হয়। ট্রাইব্যুনাল দুই পক্ষের আইনজীবীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।পরে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, সাঈদীর ওপর তিনবার অবিচার করা হয়েছে। প্রথমবার তাঁর বিরুদ্ধে ১৫ জন সাক্ষীকে ট্রাইব্যুনালে না এনে সাক্ষ্য নেওয়ার মাধ্যমে, দ্বিতীয়ত রাষ্ট্রপক্ষের সাক্ষীদের ঢাকায় এনে রাখার স্থান ‘সেফ হাউসের’ ৭০০ পৃষ্ঠার নথি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে, তৃতীয়ত স্কাইপ কথোপকথন প্রকাশের পর মামলা পুনর্বিচার না করে। তিনি আশা করেন, চতুর্থবার তাঁর ওপর সুবিচার করা হবে।গত ৬ ডিসেম্বর এই মামলা যুক্তি উপস্থাপন শেষে রায়ের অপেক্ষায় ছিল। কিন্তু ১৩ ডিসেম্বর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে পুনর্গঠিত ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে আবার মামলার সারসংক্ষেপ ও আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন। ১৩ জানুয়ারি রাষ্ট্রপক্ষ দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপন শুরু করে, শেষ করে ১৭ জানুয়ারি। আসামিপক্ষ ২০ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত যুক্তি উপস্থাপন করে। ২৮ জানুয়ারি আসামিপক্ষের যুক্তি খণ্ডন শুরু করে রাষ্ট্রপক্ষ।ট্রাইব্যুনালে প্রথম মামলা: সাঈদীর বিরুদ্ধে মামলাটিই ট্রাইব্যুনালে প্রথম মামলা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় ২০১০ সালের ২৯ জুন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২১ জুলাই সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়। ২০১১ সালের ৩০ মে তদন্ত সংস্থা সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। ওই বছরের ১১ জুলাই রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ৩ অক্টোবর ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, দেশান্তরে বাধ্য করা, ধর্মান্তরিত করা প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২০১১ সালের ৭ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়, চলে গত বছরের ২৩ অক্টোবর পর্যন্ত। তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনসহ রাষ্ট্রপক্ষে ২৮ জন সাক্ষ্য দেন, আসামিপক্ষে সাক্ষ্য দেন ১৭ জন। ৫ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ প্রথম দফায় যুক্তি উপস্থাপন করে। ৬ ডিসেম্বর প্রথমবারের মতো মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হয়েছিল।