সাঈদীর বিরুদ্ধে মামলায় দেখানো হলো আরও তিনটি ভিডিওচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আলামত হিসেবে আরও তিনটি ভিডিওচিত্র দেখিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিন। এ মামলায় গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিকালে তিনি ভিডিওগুলো দেখান।গতকাল সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হলে হেলালউদ্দিন টানা ষষ্ঠ দিনের মতো জবানবন্দি দেন। আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে গতকাল তিনি একাত্তরে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশদভাবে তুলে ধরেন। তাঁর দেখানো প্রথম ভিডিওতে ছিল বিদেশি টিভি চ্যানেল সিবিএস ও এনবিসিতে প্রচারিত গণহত্যাবিষয়ক প্রতিবেদন। এ সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও জহুরুল হক হলের (তৎকালীন ইকবাল হল) মাঠে ছাত্রদের দিয়ে পাকিস্তানি সেনারা গর্ত খোঁড়ায়। পরে তাঁদের হত্যা করে ওই গর্তে মাটিচাপা দেয়। দ্বিতীয় ভিডিওতে ছিল, একাত্তরের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তৃতীয়টি ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রামাণ্যচিত্র ‘১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস’। এটি চলে প্রায় দুই ঘণ্টা।ভিডিওচিত্র দেখানোর পর হেলালউদ্দিন বলেন, একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর চেয়ে তথাকথিত শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গণহত্যায় বেশি ভূমিকা রেখেছে। পাকিস্তানি বাহিনী যে জনপদে গেছে, সেখানে বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু শান্তি কমিটি ও রাজাকার বাহিনী খুন করেছে সুনির্দিষ্ট তালিকা তৈরি করে। শান্তি কমিটি ও রাজাকার খুন, ধর্ষণ, লুটতরাজ ও ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে। তিনি বলেন, মাওলানা এ কে এম ইউসুফ ৯৬ জন জামায়াতকর্মীকে নিয়ে খুলনার আনসার ক্যাম্পে প্রথমে রাজাকার বাহিনী গঠন করেন। আগস্টে পাকিস্তান সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে রাজাকার বাহিনীকে অনুমোদন দেয়। খান বাহাদুর সৈয়দ মো. আফজালকে চেয়ারম্যান করে পিরোজপুরে শান্তি কমিটি গঠিত হয়। শান্তি কমিটি গঠনের পর তাদের অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞের কারণে শহরের মানুষ জীবন বাঁচাতে গ্রামে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে।এ পর্যায়ে বিকেল সাড়ে তিনটার দিকে হেলালউদ্দিনের জবানবন্দি অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২ মে: জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না—এ বিষয়ে আদেশের দিন ২ মে পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-১। গতকাল এই আদেশের দিন ধার্য ছিল।গত ৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষ গোলাম আযমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তাঁকে গ্রেপ্তারের আবেদন জানায়। ১১ জানুয়ারি তাঁর জামিনের আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল-১ তাঁকে কারাগারে পাঠান। ২৯ মার্চ তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল ১৭ মার্চ অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেছিলেন। গোলাম আযম বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে আটক আছেন।একাত্তরে মুক্তিযুদ্ধকালে ৩০ লাখ মানুষ শহীদ হন। সম্ভ্রম হারান দুই লাখ নারী। ওই সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে।