সাঈদীর বিরুদ্ধে মামলায় যুক্তি তর্ক উপস্থাপন ৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এই দিন ধার্য করেন।ট্রাইব্যুনাল একই সঙ্গে এই মামলায় আসামিপক্ষের বাকি চার সাক্ষীকে আজ মঙ্গলবারের মধ্যে হাজির করার শেষ সময় পুনর্নির্ধারণ করেন।যুক্তি-তর্ক উপস্থাপনের দিন ধার্য করার মাধ্যমে সাঈদীর বিরুদ্ধে মামলাটি পরবর্তী ধাপে পৌঁছাল। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে এই প্রথম কোনো মামলায় যুক্তি-তর্কের দিন ধার্য হলো। যুক্তি-তর্ক উপস্থাপনের পর রায় ঘোষণার দিন ধার্য করা হবে।গতকাল সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল এই মামলার কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবীদের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আসামিপক্ষের সাক্ষীদের হাজিরের বিষয়ে আদেশ প্রত্যাহার করেন। আসামিপক্ষের বাকি সাক্ষীদের ট্রাইব্যুনালে আজ হাজির হওয়ার দিন পুনর্নির্ধারণ করা হয়।ট্রাইব্যুনাল পৃথক আদেশে এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। এ সময় ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের কোন পক্ষ আগে যুক্তি উপস্থাপন করবে, তা ঠিক করতে উভয় পক্ষকে পরামর্শ করতে বলেন। পরে রাষ্ট্রপক্ষ জানায়, তারা প্রথমে যুক্তি উপস্থাপন করবে। ট্রাইব্যুনাল উভয় পক্ষকে যুক্তি-তর্কের আগে এর সমর্থনে ১০ পৃষ্ঠা লিখিত বক্তব্য জমা দিতে বলেন।পরে এই মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, ‘যুক্তি-তর্ক উপস্থাপনের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা যুক্তি উপস্থাপনের মাধ্যমে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারব।’ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলায় সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২১ জুলাই থেকে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে। তদন্ত সংস্থা সাঈদীর নিজ এলাকা পিরোজপুরে তদন্ত করে। ২ নভেম্বর তাঁকে প্রথম ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন থেকে তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।৩১৩ দিনের তদন্ত শেষে ২০১১ সালের ৩০ মে তদন্ত সংস্থা প্রতিবেদন চূড়ান্ত করে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ গত বছরের ১১ জুলাই সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। ১৪ জুলাই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। অভিযোগের বিষয়ে শুনানি শেষে ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ এবং এ ধরনের অপরাধে সাহায্য করার ঘটনায় ২০টি অভিযোগ আনা হয়েছে।এ মামলায় রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে ২০ জন ঘটনার এবং সাতজন জব্দ তালিকার সাক্ষী। এরপর শুরু হয়েছিল আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। আসামিপক্ষের ২০ জন সাক্ষীর মধ্যে সব মিলে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বাকি সাক্ষীদের হাজির করার ব্যাপারে ট্রাইব্যুনাল গত রোববার আসামিপক্ষকে শেষ সময় বেঁধে দিলেও সেদিন একজন সাক্ষী হাজির হয়ে সাক্ষ্য দেন। গতকালও বাকি চার সাক্ষী হাজির হননি।