মানবতাবিরোধী অপরাধের বিচার
সাঈদীর বিরুদ্ধে মামলায় ১৫ সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া ১৫ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, এই মামলার অবশিষ্ট ৪৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনকে ট্রাইব্যুনালে হাজির করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ বলে রাষ্ট্রপক্ষ সফলভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এ জন্য তাঁদের জবানবন্দি অজেরাকৃত সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনাল গ্রহণ করছেন এবং এ ক্ষেত্রে আইন তাঁর নিজস্ব গতিতে চলবে। বাকি ৩১ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করার আবেদন খারিজ করা হলো। ট্রাইব্যুনাল তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করেন।আসামির কাঠগড়ায় সাঈদীর উপস্থিতিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদেশে বলা হয়, এই মামলায় এ পর্যন্ত ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট ৪৬ জনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১৯(২) ধারায় রাষ্ট্রপক্ষের আবেদনে বলা হয়েছে, ১৯ জন সাক্ষীকে বিভিন্ন কারণে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব নয়। রাষ্ট্রপক্ষ আবেদনের সমর্থনে তদন্তকারী কর্মকর্তার দুটি প্রতিবেদন জমা দিয়েছে। এ প্রতিবেদন অনুসারে, সাক্ষী সুখরঞ্জন বালীকে তাঁর বাড়িতে পাওয়া যায়নি। স্ত্রী ও মেয়ে তদন্তকারী কর্মকর্তাকে জানিয়েছেন, বাংলা ১৪১৮ সালের অগ্রহায়ণ মাস থেকে তিনি নিখোঁজ। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্তকারী কর্মকর্তা এ বিষয়ে সন্তুষ্ট হয়েছেন। এ বিষয়ে ভিডিও রেকর্ডিং রয়েছে। সাক্ষী ঊষা রানী মালাকার বয়সের কারণে অসুস্থ ও বিছানায় প্রাকৃতিক কাজ সারেন। সাক্ষী আশীষ কুমার মণ্ডল, সুমতি রানী মণ্ডল ও সমর মিস্ত্রি ঢাকা থেকে ফেরার পর এক-দুই দিন বাড়িতে ছিলেন, এর পর থেকে তাঁরাও নিখোঁজ। অন্যদের মধ্যে সিতারা বেগমের বাড়িতে গিয়ে তাঁকে অসুস্থ পাওয়া গেছে, বাকিদের খোঁজ পাওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের ভয়ে তাঁরা আত্মগোপন করে আছেন। স্থানীয় ওই সন্ত্রাসীদের মধ্যে কয়েকজনের নাম প্রতিবেদনে উল্লেখও করা হয়েছে। ফলে এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রাথমিক অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে।আদেশে বলা হয়, আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক রাষ্ট্রপক্ষের আবেদনের বিরোধিতা করে বলেন, এ ধরনের আবেদনের কথা এ অঞ্চলে আগে কখনো শোনা যায়নি। রাষ্ট্রপক্ষের আবেদন ও তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন সত্য নয়। তদন্তকারী কর্মকর্তা সাক্ষীদের জবানবন্দি সঠিকভাবে লিপিবদ্ধ করেননি, কারণ কয়েকটি জবানবন্দির ভাষা একই রকম। সাক্ষীদের বিষয়ে আসামিপক্ষ কয়েকটি পত্রিকায় সমপ্রতি প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করেছে। রাষ্ট্রপক্ষ আবেদন দাখিলের পর ওই প্রতিবেদনগুলোর লেখকেরা রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সঙ্গে কথা বলেছেন। প্রতিবেদনগুলো অনুসারে, রাষ্ট্রপক্ষের বক্তব্য সত্য নয়।ট্রাইব্যুনাল আদেশে বলেন, ওই প্রতিবেদনগুলো বিশেষ করে নয়া দিগন্ত-এর বিশদ প্রতিবেদনটি পরীক্ষা করে ট্রাইব্যুনাল আশ্চর্য হয়ে লক্ষ করেছেন, একজন সাংবাদিক কীভাবে একটি বিচারাধীন মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলেন? বিষয়টি কখনোই গ্রহণযোগ্য নয় এবং আদালতের জন্য চরম অপমানজনক। ট্রাইব্যুনাল প্রতিবেদনটির লেখককে সতর্ক করে দেন এবং ভবিষ্যতে ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে খবর দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে বলেন।আইনের ১৯(২) ধারা উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া কোনো ব্যক্তির জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, যদি ওই ব্যক্তি বিচারকালে মারা যান অথবা অনেক সময় বা অর্থ ব্যয় করেও যাঁর হাজিরা নিশ্চিত করা যাবে না বলে ট্রাইব্যুনাল মনে করবেন।এরপর আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল মনে করেন, কয়েকজন সাক্ষীকে অনেক সময় বা অর্থ ব্যয় করেও হাজির করা সম্ভব নয়। তাঁরা হলেন: ঊষা রানী মালাকার, সুখরঞ্জন বালী, আশীষ কুমার মণ্ডল, সুমতি রানী মণ্ডল, সমর মিস্ত্রি, শহীদুল ইসলাম খান, আইয়ুব আলী, সিতারা বেগম, মো. মোস্তফা, আবদুল লতিফ, সুরেশ চন্দ্র, গণেশ চন্দ্র, রানী, অজিত ও অনিল। তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া এই ১৫ জনের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের কারণ রাষ্ট্রপক্ষ সফলভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। বাকি ৩১ জনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করা হলো।আদেশের পর ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলীর কাছে জানতে চান, তদন্তকারী কর্মকর্তা বাদে রাষ্ট্রপক্ষের আর কোনো সাক্ষী আছে কি না? তিনি ‘না’ সূচক জবাব দিলে ট্রাইব্যুনাল ৮ এপ্রিল তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।আদেশের পর আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের ওপর শ্রদ্ধা রেখেই আসামিপক্ষ মনে করে, এই আদেশ ন্যায়বিচারের পরিপন্থী। তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের কোনো নজির নেই।