সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নবম সাক্ষীর জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী মো. আলতাফ হোসেন হাওলাদারকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা গতকাল বুধবার শেষ হয়েছে।একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল আলতাফকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিলউদ্দিন চৌধুরী ও মনজুর আহমেদ আনসারী। সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।জেরায় কফিলউদ্দিন সাক্ষীর পেশা জানতে চাইলে জবাবে তিনি বলেন, তিনি কৃষক। কফিলউদ্দিন তাঁর কাছে ইউরিয়া সারের বর্তমান ও আগের দাম জানতে চান। জবাবে আলতাফ বলেন, ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সারের দাম এক হাজার টাকা, ছয় মাস আগে ছিল ৭০০ টাকা। পরে আইনজীবী বলেন, সাক্ষীর বলা দাম একটিও ঠিক নয়। কারণ, তিনি কৃষক নন। সাক্ষী এ বক্তব্যের বিরোধিতা করেন।দুপুর ১২টার দিকে মনজুর আহমেদ সাক্ষীকে জেরা শুরু করেন। তিনি আইনগত মতামতে বলেন, সাক্ষীর জবানবন্দি অনুসারে, বিসা বালীকে হত্যার জন্য সাঈদী নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিসা বালীকে বলেশ্বর নদের ঘাটে পাকিস্তানি সেনারা ভিন্ন সময় ও দিনে হত্যা করেছিল। সাক্ষী এই বক্তব্যের বিরোধিতা করেন। জেরার শেষ পর্যায়ে আইনজীবী বলেন, সাঈদীকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আলতাফ মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষী এ বক্তব্যেরও বিরোধিতা করেন।এ মামলায় রাষ্ট্রপক্ষের ১০ম সাক্ষী অসুস্থ থাকায় বেলা আড়াইটার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়। ১০ম সাক্ষীর জবানবন্দি ও জেরার জন্য ৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।নয়া দিগন্তের প্রতিবেদককে সতর্ক করলেন ট্রাইব্যুনাল: নবম সাক্ষী আলতাফের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় নয়া দিগন্ত পত্রিকার প্রতিবেদক মেহেদী হাসানকে ট্রাইব্যুনাল গতকাল সতর্ক করেছেন। গতকাল নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ‘মাওলানা সাঈদীর দিকে তাকিয়ে সাক্ষী বললেন, ওনাকে তো চিনলাম না’ শিরোনামে প্রতিবেদনের উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, ওই প্রতিবেদনের তথ্য সঠিক নয়। প্রতিবেদক পরে এ জন্য দুঃখপ্রকাশ করে প্রথম পাতায় ব্যাখ্যা ছাপানোর অঙ্গীকার করেন। পরে ট্রাইব্যুনাল বলেন, প্রতিবেদকের ভুল স্বীকার ও এর ব্যাখ্যা প্রথম পাতায় ছাপানোর অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এটিকে ভুল হিসেবে বিবেচনা করছেন। পরবর্তী সময়ে এ ধরনের ভুল যেন না হয়, সে বিষয়ে নজর রাখার জন্য ট্রাইব্যুনাল সতর্ক করে দেন। ট্রাইব্যুনাল বলেন, ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।