সাঈদীর বিরুদ্ধে শিগগিরই অভিযোগপত্র: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিগগিরই জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।আজ রোববার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরপর্বে তারানা হালিমের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানান। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।আইনমন্ত্রী বলেন, দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবদুল আলীমকে অসুস্থতাজনিত কারণে জামিন দিয়ে ট্রাইব্যুনাল নিরপেক্ষতা ও স্বচ্ছতার পরিচয় দিয়েছেন।নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, হাইকোর্টের রেজিস্ট্রার অফিস থেকে প্রত্যেক জেলা জজ আদালতে ইন্টারনেট ও ই-মেইল সংযোগের ব্যবস্থা করে ২৪ ঘণ্টার মধ্যে আদেশের কপি সরবরাহের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে উচ্চ-আদালতে কোনো মামলার জামিনের পর অথবা অন্য যেকোনো আদেশের পর আদেশের কপি সরবরাহের দীর্ঘসূত্রতার লাঘব হবে।আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, মধ্যস্থতার মাধ্যমে দেওয়ানি মামলার বিরোধ নিষ্পত্তির বিধান বাধ্যতামূলক করার জন্য দেওয়ান কার্যবিধি আইন সংশোধনের বিষয়টি প্রক্রিয়াধীন।