জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি ৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলাম শুনানি মুলতবির আবেদন করলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা সেই আবেদনের কোনো বিরোধিতা করেননি। এ জন্য ট্রাইব্যুনাল ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।আজ বুধবার দ্বিতীয় দিনের মতো শুনানিতে মাত্র ২০ মিনিটের মতো শুনানি হয়। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেলা ১০টা ৪০ মিনিটের দিকে এ শুনানি শুরু হয়। এর আগে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সাড়ে নয়টায় পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়। প্রসিকিউশনকে সতর্ক করলেন ট্রাইব্যুনালঠিক সময়ে কাগজপত্র জমা দিতে ব্যর্থ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে সমন্বয় না থাকায় ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সতর্ক করে দিয়েছেন। আইনজীবী তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রসিকিউশনের অবহেলার কারণে ঠিক সময়ে আসামিপক্ষের আইনজীবীদের কাগজপত্র পাচ্ছে না। আনুষ্ঠানিক অভিযোগের যে অনুলিপি দেওয়া হয়েছে তার ৭২ পৃষ্ঠা পাঠযোগ্য নয়। এই অভিযোগের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে আরও সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেন।