সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা-বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলায় গতকাল বুধবার দুজনের সাক্ষ্যের মধ্য দিয়ে এই সাক্ষ্য গ্রহণ শুরু হলো।ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদীর বিরুদ্ধে করা মামলার প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুল আলম হাওলাদার (৬০)। সাক্ষ্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে পিরোজপুরে সাঈদীর নেতৃত্বে ও নির্দেশে হত্যা, লুণ্ঠনসহ মানবতাবিরোধী নানা অপরাধ সংঘটিত হয়েছে। তিনি এ ধরনের অপরাধের পাঁচটি ঘটনাও তুলে ধরেন। একই মামলায় এরপর সাক্ষ্য দেন রুহুল আমিন নবীন (৬১)। তাঁর সাক্ষ্য অসমাপ্ত অবস্থায় ট্রাইব্যুনালের কার্যক্রম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষী মাহাবুবুল আলম হাওলাদার প্রায় দুই ঘণ্টাব্যাপী তাঁর জবানবন্দিতে বলেন, ১৯৭১ সালের ৭ মে পিরোজপুরের পারেরহাটে পাকিস্তানি হানাদার বাহিনীকে স্বাগত জানায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ শান্তি কমিটির লোকেরা। পরে তারা পারেরহাট বাজারের ৩০-৩৫টি দোকান লুট করে ভাগবাটোয়ারা করে নেয়। ২ জুন সাঈদীর নেতৃত্বে শান্তি কমিটি ও রাজাকাররা মোমিনপুর গ্রামে হিন্দুপাড়ায় আক্রমণ করে। সেখানে ২৫-৩০টি ঘর লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেখানে বিসাবালীকে সাঈদীর নির্দেশে এক রাজাকার গুলি করে হত্যা করে। পাকিস্তানি বাহিনীর ক্যাপ্টেন এজাজের সঙ্গে সাঈদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। একই দিন সাঈদী পারেরহাটের উত্তর দিকে বিলের কাছে মদন সাহার দোকান ও বসতঘর লুট করে নৌকাযোগে বিলের পূর্ব পারে শ্বশুরবাড়িতে নিয়ে যায়।জবানবন্দিতে মাহাবুবুল আলম আরও বলেন, ২ জুন সাঈদীর নেতৃত্বে রাজাকাররা মোমিনপুর গ্রামে তাঁর বাড়িতে গিয়ে তাঁর ভাইকে অত্যাচার করে এবং প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।মাহাবুবুল আলমকে ১১ ডিসেম্বর আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। এরপর জবানবন্দি শুরু করেন দ্বিতীয় সাক্ষী রুহুল আমিন। তিনি জবানবন্দি শুরু করার কিছুক্ষণ পর ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়। জবানবন্দির বাকি অংশ তিনি আজ উপস্থাপন করবেন। দুপুরে মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল চারটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ও সাইদুর রহমান সাক্ষীদের সাক্ষ্য নেন।সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় সাঈদীকে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।শুরুতে সাঈদীর পক্ষে তাঁর আইনজীবী তাজুল ইসলামের করা তিনটি আবেদনের শুনানি হয়। প্রথম দুটির শুনানিতে তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা সাঈদীর বিরুদ্ধে অপরাধ প্রমাণের জন্য যেসব নথিপত্র ও আলামতের ওপর নির্ভর করতে চান, সেগুলো আসামিপক্ষকে সরবরাহ করতে হবে। আবেদন দুটি খারিজ করে ট্রাইব্যুনাল বলেন, মামলার বিভিন্ন পর্যায়ে প্রয়োজন অনুসারে এসব নথিপত্র আসামিপক্ষকে সরবরাহ করা হবে। তৃতীয় আবেদনে বলা হয়, পিরোজপুরে সাঈদীর আইনজীবীরা ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। তাই সাক্ষ্য গ্রহণের জন্য প্রস্তুতির সময় পাননি। আরও সময় চেয়ে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবির আবেদন জানানো হয়। এই আবেদনও নিষ্পত্তি করে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষ প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেয়েছে। কেননা, গত ৩ অক্টোবর অভিযোগ গঠিত হয়েছে। তবে আসামিপক্ষের সাক্ষীদের তালিকা দাখিলের জন্য ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল।মানবতাবিরোধী অপরাধের বিচারে সাক্ষ্য গ্রহণ শুরুকে স্বাগত জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। তিনি প্রথম আলোকে বলেন, শেষ পর্যন্ত সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ায় দেশের মানুষ খুশি। তবে সাক্ষীদের পরিপূর্ণ আর্থিক, সামাজিক, পারিবারিকসহ সব ধরনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। অচিরেই সাক্ষী সুরক্ষা আইন পাস করে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু প্রথম আলোকে বলেন, দেশের মানুষ যাঁরা মানবতাবিরোধী অপরাধের বিচার চান, তাঁদের জন্য এটি একটি আনন্দের দিন। মানবতাবিরোধী অপরাধের বিচার বানচালের যে অপপ্রয়াস ও ষড়যন্ত্র বিভিন্নভাবে চলছে, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ায় সেই ষড়যন্ত্র ঠেকানো গেল।তবে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম বলেন, আসামিপক্ষকে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ না দিয়েই সাক্ষ্য গ্রহণ শুরু করা হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা সাজানো সাক্ষী ও বানোয়াট বক্তব্য শিখিয়ে সাক্ষীদের উপস্থাপন করছেন। প্রথম সাক্ষীর কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি মামলার প্রাথমিক অভিযোগ হুবহু মুখস্থ বলেছেন। সাজানো সাক্ষী দিয়ে জোর করে সত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে।সতর্ক করলেন ট্রাইব্যুনাল: তিনটি আবেদনের শুনানির একপর্যায়ে তাজুল ইসলাম উত্তেজিত হয়ে বলেন, মামলার সব নথিপত্র আসামিপক্ষকে দেওয়া না হলে বিচার শুরু হতে পারে না। এ সময় ট্রাইব্যুনাল তাঁকে এভাবে কথা বলার ক্ষেত্রে সতর্ক করেন। ট্রাইব্যুনাল বলেন, এটা আদালত, খেলার মাঠ নয়।