সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি, নতুন তারিখ ৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেপ্তার জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ রোববার সকাল সাড়ে ১০টায় হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।আজ বেলা দুইটা থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাক্ষ্য গ্রহণের আগে সূচনা বক্তব্যের আংশিক উপস্থাপন করেন। বেলা চারটা পর্যন্ত তাঁরা ৮৮ পৃষ্ঠার সূচনা বক্তব্যের মধ্যে ৬১ পৃষ্ঠা পড়ে শেষ করেছেন। বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা থেকে শুরু করে সাঈদীর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের বিবরণ দেওয়া হয়। পরে ট্রাইব্যুনাল কাল সোমবার পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন। কাল সূচনা বক্তব্যের বাকি অংশ উপস্থাপন করা হবে।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বক্তব্য উপস্থাপন করা হয়।আজ সকাল সাড়ে ১০টায় সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বিচারকাজ চালিয়ে যাওয়ার বিষয়ে কারণ জানতে চেয়ে করা আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, ট্রাইব্যুনালের আগের আদেশে চেয়ারম্যানের বিচারকাজে অংশ নেওয়ার বিষয়টি তাঁর ওপরই ছেড়ে দেওয়া হয়। এ জন্য আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছে তাঁর পদে বহাল থাকার কারণ জানতে চান। এ বিষয়ে ট্রাইব্যুনালের ব্যাখ্যা দেওয়ার পর সাক্ষ্য গ্রহণ শুরু করতে হবে।আসামিপক্ষে আরও বক্তব্য উপস্থাপন করেন আইনজীবী মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ১৯৯৩ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে গণতদন্ত কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনে সুশীল সমাজের অনেক প্রতিনিধি ছিলেন। কিন্তু বিচারপতি নিজামুল হকের ওই কমিশনে উপস্থিত থাকার কারণে বিচারকাজে যে পক্ষপাতিত্ব হচ্ছে, তার কোনো উদাহরণ বা অভিযোগ আসামিপক্ষ দেখাতে পারেনি। তিনি আরও বলেন, একজন অভিযুক্ত আসামির ট্রাইব্যুনালের বিচারপতির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা আদালত অবমাননার শামিল।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, বিচারপতি নিজামুল হক কেন বিচারকাজে বহাল রয়েছেন, সে বিষয়ে ব্যাখ্যা আগামী ২৩ নভেম্বর দেওয়া হবে। যেহেতু সাঈদীর বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে, সেহেতু ট্রাইব্যুনাল আইন ও বিধি অনুসারে আসামিপক্ষকে তাদের সাক্ষীর তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৭ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। ওই দিন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তবে আজ বেলা দুইটার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সূচনা বক্তব্য দিতে হবে। আসামিপক্ষ থেকে এ নিয়ে কোনো বিরোধিতা করা হয়নি।এর আগে সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।