সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আগামী ২০ নভেম্বর শুরু হবে। আজ রোববার আসামিপক্ষের আইনজীবী মো. তাজুল ইসলামের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।ট্রাইব্যুনাল গত ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে গণহত্যাসহ ২০টি অপরাধের অভিযোগ গঠন করেন। একই সঙ্গে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের উদ্বোধনী বক্তব্য এবং সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন। কিন্তু আসামিপক্ষ আজকের শুনানির শুরুতে ট্রাইব্যুনালকে সাক্ষীর তালিকা তৈরি এবং সাক্ষ্যগ্রহণে প্রস্তুতি না থাকার কথা উল্লেখ করে কার্যক্রম মুলতবির আবেদন জানান। এ ছাড়া গত ৩ অক্টোবরের আদেশ পুনর্বিবেচনার জন্য গত ২৭ অক্টোবর করা একটি আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখার আবেদন জানান। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ১৬ নভেম্বর অভিযোগ গঠনের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি এবং ২০ নভেম্বর সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন। ইতিমধ্যেই আগামী ১৩ নভেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের বিচারকাজ থেকে বিরত থাকার আবেদন শুনানির দিন ধার্য আছে।আজ সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।