একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন কাল মঙ্গলবার দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দিন প্রথম আলোকে আজ সোমবার দুপুরে বলেন, সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ১৫টি খণ্ডে তদন্ত প্রতিবেদন তৈরির কাজ শেষ করা হয়েছে। কাল এ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক এম সানাউল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালের ২১ জুলাই থেকে ২০১১ সালের ৩০ মে পর্যন্ত মোট ৩১৩ দিন ধরে সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করা হয়। তদন্ত সংস্থা ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি নেয়। এ ছাড়া অন্যান্য প্রাসঙ্গিক বিষয় প্রমাণের জন্য দেশি-বিদেশি পত্রিকা, অডিও-ভিডিও ক্যাসেটসহ বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করে। এসব তথ্যে সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞসহ গণহত্যা সংগঠনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এদিকে আবারও সাঈদীর জামিনের জন্য আবেদন করেছেন তাঁর আইনজীবী তানভীর আহমেদ আল আমিন। আজ বেলা ১১টার দিকে সাঈদীর আইনজীবী ট্রাইব্যুনালে আবেদনটি জমা দেন। সাঈদী বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন। কাল তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।