সাঈদীর বিরুদ্ধে ৩১ ঘটনায় জড়িত থাকার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের ৩১টি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল রোববার সাঈদীর বিরুদ্ধে অভিযোগ শুনানির সময় রাষ্ট্রপক্ষ এসব ঘটনা তুলে ধরে। ঘটনাগুলোর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষ ৬৮ জন সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে দাখিল করেছে। ১৩ সেপ্টেম্বর সাঈদীর আইনজীবীরা এসব অভিযোগের ওপর শুনানি করবেন।গতকাল সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়। বেলা সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়। এক ঘণ্টার মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে বেলা সাড়ে তিনটা পর্যন্ত শুনানি হয়।শুনানি: রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তিনি বলেন, ১৯৭১ সালের ৩ মে থেকে ১৬ ডিসেম্বর সময়ের মধ্যে সংঘটিত ৩১টি হত্যাকাণ্ড, গণহত্যা, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের ঘটনার সঙ্গে সাঈদী জড়িত ছিলেন। সাঈদীর নেতৃত্বে পিরোজপুরের পারেরহাট বন্দরে রাজাকার বাহিনীর ক্যাম্প এবং তাঁর সহায়তায় পারেরহাট বাজারে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প করা হয়।সৈয়দ হায়দার আলী বলেন, সাঈদীর নেতৃত্বে রাজাকার বাহিনী পিরোজপুরের টেংরাখালী, চিতোলিয়া, মাসিমপুর, পারেরহাট, হোগলাবুনিয়া, নলবুনিয়াসহ বিভিন্ন এলাকায় হত্যা, লুট, অগ্নিসংযোগ ও ধর্ষণ চালায়। সাঈদীর নেতৃত্বাধীন বাহিনী শতাধিক হিন্দুধর্মাবলম্বীর ওপর নির্যাতন চালায় এবং তাদের নামাজ পড়তে বাধ্য করে। তিনি বলেন, রাজাকার বাহিনী তৎকালীন পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান এবং ম্যাজিস্ট্রেট সৈয়দ মিজানুর রহমানকে মাসিমপুর এলাকা থেকে ধরে নিয়ে যায়। পরে তাঁদের হত্যা করে লাশ বলেশ্বর নদে ফেলে দেয়। ফয়জুর রহমান খ্যাতিমান কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও মুহম্মদ জাফর ইকবালের বাবা।হায়দার আলী বলেন, পারেরহাট বাজারে স্থাপিত পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে ভাগীরথী নামের এক নারী থালাবাসন পরিষ্কারের কাজ করতেন। ওই নারী পাকিস্তানি সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করে মুক্তিযোদ্ধাদের খবর দিতেন। বিষয়টি জানতে পেরে সাঈদীর নেতৃত্বাধীন রাজাকার বাহিনী ওই নারীকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাঁকে হত্যা করে লাশ বলেশ্বর নদে ফেলে দেওয়া হয়।রাষ্ট্রপক্ষের অভিযোগ শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশ দেন। সাঈদীর আইনজীবী তানভীর আহমেদ আল-আমীনের করা শুনানি মুলতবি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।