সাঈদীর বিরুদ্ধে ৭৩ হত্যায় জড়িত থাকার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় ছয়টি আলাদা ঘটনায় ৭৩ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে। এর মধ্যে কয়েকটি হত্যার ঘটনায় তিনি সরাসরি এবং বাকিগুলোতে পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ আনা হয়েছে। দেলাওয়ার হোসাইন সাঈদী এখন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নায়েবে আমির। আগামী ১০ আগস্ট তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করা হচ্ছে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সূত্র জানায়, ১৯৭১ সালে বরিশাল জেলার পিরোজপুরে (বর্তমান পিরোজপুর জেলা) এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ছয়টি ঘটনায় যথাক্রমে ২০, ১৫, ১৪, ১৩, ১০ ও একজনকে হত্যা করা হয়। আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, এসব হত্যাকাণ্ডের কোনোটিতে সাঈদী নিজে জড়িত ছিলেন, কোনোটিতে তিনি পাকিস্তানি সেনাসদস্য ও স্থানীয় রাজাকার বাহিনীকে সহযোগিতা করেছেন। জানতে চাইলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিক অভিযোগে সাঈদীর বিরুদ্ধে অর্ধশতাধিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। ১৪ জুলাই ট্রাইব্যুনালের আদেশেও এ তথ্য বলা হয়েছে। গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর জামিন আবেদনের শুনানি শেষে আদেশে বলা হয়েছিল, সাঈদী অর্ধশতাধিক হত্যা, ধর্ষণ, লুণ্ঠনের মতো মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত। এ জন্য ওই দিন সাঈদীর জামিন আবেদন খারিজ করা হয়। পাড়েরহাট হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ চলাকালে সাঈদীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি রাজাকার বাহিনী পাড়েরহাটের হিন্দুপাড়ায় আক্রমণ চালায়। সেখানে হরলাল মালাকার, অরকুমার মির্জা, তরুণী কান্ত সিকদার, নন্দ কুমার সিকদারসহ ১৪ জনকে বেঁধে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেয়। পাকিস্তানি বাহিনী তাদের গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়।দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রে আনা অন্য হত্যাকাণ্ডগুলো সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। পাঁচ তহবিল: আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, পিরোজপুরে সাঈদী এবং আরও চার রাজাকার মিলে একটি দল গঠন করে, যা পাঁচ তহবিল নামে পরিচিত ছিল। এই দলের অন্য চারজন ছিলেন দানেশ মোল্লা, সেকেন্দার সিকদার, মাওলানা মোসলেমউদ্দিন ও হাবিবুর রহমান মুন্সি। দানেশ মোল্লা ও সেকেন্দার সিকদার ছিলেন ওই দলের নেতৃত্বে। তবে আরবি ও উর্দু ভাষায় কথা বলতে পারায় পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব ছিল সাঈদীর। ওই সূত্রে সাঈদী সহজে পাকিস্তানি সেনাদের ঘনিষ্ঠ হন। অভিযোগে বলা হয়, ওই পাঁচজন লুটপাট করে পাওয়া স্বর্ণালংকার এবং অর্থ-সম্পদ ‘গণিমতের মাল’ হিসেবে ঘোষণা দিয়ে ভাগ করে নিতেন। দলটি পরে ‘পাঁচ তহবিল’ নামে পরিচিত হয়। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের সময় গঠিত গণতদন্ত কমিশন যে প্রতিবেদন প্রকাশ করেছিল, তাতেও পাঁচ তহবিলের তথ্য পাওয়া যায়। ১৯৯২ সালে গঠিত ওই গণতদন্ত কমিশনের প্রধান ছিলেন প্রয়াত কবি সুফিয়া কামাল। মুক্তিযুদ্ধের পর নাম পরিবর্তন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, সাঈদীর প্রকৃত নাম আবু নাঈম মো. দেলাওয়ার হোসেন। মুক্তিযুদ্ধ শেষ হলে তিনি নিজ গ্রাম সউদখালী থেকে পালিয়ে যান। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর তিনি আত্মগোপন থেকে বেরিয়ে আসেন। অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় করা নিজের কুকীর্তি ঢাকতে তিনি নাম ও জন্মতারিখ পরিবর্তন করেন। নামের আগে ‘আল্লামা’ শব্দ জুড়ে দেলাওয়ার হোসাইন সাঈদী নাম ধারণ করেন। এভাবে নিজের আসল পরিচয় লুকিয়ে তিনি স্বাধীন দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল করতে থাকেন।আনুষ্ঠানিক অভিযোগে সাঈদীর নাম ‘দেলাওয়ার হোসাইন সাঈদী ওরফে দেলু ওরফে দেইল্লা’ লেখা হয়েছে। তদন্তে পাওয়া গেছে, সাঈদী ‘দেলু’ ও ‘দেইল্লা’ নামেও এলাকায় পরিচিত ছিলেন।