সাঈদীর মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি তৃতীয় দিনের মতো জবানবন্দি দিচ্ছেন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাসান মাহমুদ গতকাল সোমবার সংগ্রামে প্রকাশিত একটি প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে আনেন। তিনি বলেন, এ ধরনের প্রতিবেদনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।ট্রাইব্যুনাল বলেন, ১৬ এপ্রিল সংগ্রামের সম্পাদক ট্রাইব্যুনালে আসলে এ বিষয়ে জানতে চাওয়া হবে। উল্লেখ্য, ১৬ এপ্রিল সংগ্রামের সম্পাদক, ফেনী প্রতিনিধি ও ফেনী আইনজীবী সমিতির ১২ জন আইনজীবীর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা আছে। এর পরে তদন্তকারী কর্মকর্তা মো. হেলালুদ্দিনের জবানবন্দি শুরু হয়। তিনিও অভিযোগ প্রমাণের জন্য বিভিন্ন পত্রিকার প্রতিবেদন ট্রাইব্যুনালে তুলে ধরেন। বেলা দুইটা থেকে ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামি পক্ষের শুনানি হতে পারে।