সাঈদীর মামলার রায় আগামীকাল (ভিডিও)
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। আজ বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।গত ২৯ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দ্বিতীয় দফা যুক্তি উপস্থাপন শেষ হয়। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষাধীন (সিএভি-কেস অ্যায়োইটস ভারডিক্ট) রাখেন ট্রাইব্যুনাল।গত বছরের ৬ ডিসেম্বর যুক্তি উপস্থাপন শেষে এই মামলা রায়ের অপেক্ষায় ছিল। কিন্তু ১৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে পুনর্গঠিত ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে আবার মামলার সারসংক্ষেপ ও আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন। গত ১৩ জানুয়ারি রাষ্ট্রপক্ষ দ্বিতীয় দফা যুক্তি উপস্থাপন শুরু করে, শেষ করে ১৭ জানুয়ারি। আসামিপক্ষ ২০ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত যুক্তি উপস্থাপন করে। ২৮ জানুয়ারি আসামিপক্ষের যুক্তি খণ্ডন শুরু করে রাষ্ট্রপক্ষ, পরদিন ২৯ জানুয়ারি তা শেষ হয়।সাঈদীর সর্বোচ্চ শাস্তির আশা রাষ্ট্রপক্ষেরদেলাওয়ার হোসাইন সাঈদীর সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করেছেন মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করার পর সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের কাছে এ আশা প্রকাশ করেন। সৈয়দ হায়দার আলী বলেন, ‘এ মামলায় সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগ ছিল। এর মধ্যে একটিতে আমরা দালিলিক প্রমাণ দিয়েছি। বাকি ১৯টিতে পর্যাপ্ত সাক্ষী হাজির করেছি। আমরা মনে করি, এর মধ্য দিয়ে সাঈদীর বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণ করতে পেরেছি। এ জন্য তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করি।’ সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু, সুলতান মাহমুদ, নূরজাহান মুক্তা প্রমুখ। ফিরে দেখা: ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ২০১০ সালের ২৯ জুন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে সাঈদীকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২১ জুলাই সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয়। ২০১১ সালের ৩০ মে তদন্ত সংস্থা সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করলে ১১ জুলাই রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ৩ অক্টোবর ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, দেশান্তরে বাধ্য করা, ধর্মান্তর করা প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। ২০১১ সালের ৭ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়, চলে গত বছরের ২৩ অক্টোবর পর্যন্ত। তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনসহ রাষ্ট্রপক্ষে ২৮ জন সাক্ষ্য দেন, আসামিপক্ষে সাক্ষ্য দেন ১৭ জন।