সাঈদীর মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে আপিল কার্যতালিকায়
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির দিন নির্ধারণের জন্য আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে কাল বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ বুধবার নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালে প্রসিকিউটর প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আবেদনটি দাখিল করেন। পরে এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শুনানির দিন নির্ধারণের জন্য বুধবার আবেদন করা হয়। চেম্বার বিচারপতি বিষয়টি বৃহস্পতিবার শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আদালতে শুনানির দিন নির্ধারণের আরজি জানানো হবে। রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিল দুটি ‘বেঞ্চ-সি’-তে বৃহস্পতিবারের কার্যতালিকায় তিন নম্বর ক্রমিকে রয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির এই বেঞ্চের অপর পাঁচ বিচারপতি হলেন—বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের রায়ে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসা বালিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে কোনো দণ্ড দেওয়া হয়নি।ওই রায় ঘোষণার ২৯ দিনের মাথায় গত ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করে।