সাঈদীর রায়ে পিরোজপুরে আনন্দ মিছিল
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দণ্ডাদেশ হওয়ায় তাঁর জেলা পিরোজপুরের বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। পিরোজপুর শহরে আজ দুপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।সাঈদীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও সাক্ষীরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১-এর রায়ে উল্লাস ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।মামলার বাদী পিরোজপুরের জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহবুবুল আলম বলেন, সাঈদীর ফাঁসির আদেশ হওয়ায় পিরোজপুর কলঙ্কমুক্ত হলো।মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ সাঈদীকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।সাঈদীর বিরুদ্ধে থাকা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রমাণিত এই আটটি অভিযোগ হলো: ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬, ১৯ নম্বর অভিযোগ। এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে তাঁকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন ট্রাইব্যুনাল-১।