সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্র ও আসামিপক্ষ (ভিডিও)
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দণ্ড না দেওয়ায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়।ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সমন্বয়ক এম কে রহমান জানান, আপিল শুনানির দিন ধার্যের জন্য আগামী সপ্তাহে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হবে।অন্যদিকে, সাঈদীকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছে আসামিপক্ষ।সাঈদীর আইনজীবী ফরিদউদ্দিন খান প্রথম আলো ডটকমকে বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশসহ অন্যান্য অভিযোগ থেকে তাঁর অব্যাহতি চেয়ে সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়েছে।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলো ডটকমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(২) অনুসারে আপিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে ‘কমপ্লিট জাস্টিস’ চাওয়া হয়েছে। তিনি বলেন, ট্রাইব্যুনালের রায়ে সাঈদীর বিরুদ্ধে ছয়টি অভিযোগ প্রমাণিত হলেও কোনো দণ্ডাদেশ দেওয়া হয়নি। এই ছয়টি অভিযোগে সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করা হয়েছে। মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্য অভিযোগগুলোতে আলাদা করে কোনো দণ্ড দেওয়া হয়নি।