মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ করার দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্র ও আসামিপক্ষ। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় দুই পক্ষের আইনজীবীরা এই আপিল করেন।ছয়টি অভিযোগ প্রমাণিত হওয়ার পরও দণ্ড না দেওয়ায় এ ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। খুনের দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই শাস্তি বাতিল করে তাঁকে খালাস দেওয়ার আরজি জানিয়েছে আসামিপক্ষ।সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসা বালীকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর বাইরে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হলেও দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় এগুলোতে সাঈদীকে আলাদা কোনো দণ্ড দেওয়া হয়নি।গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে এই রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার ২৯ দিনের মাথায় গতকাল দুই পক্ষ আপিল করল। তবে যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে সরাসরি আপিল করেনি রাষ্ট্রপক্ষ।আপিল করার পর নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, ‘ছয়টি অভিযোগ প্রমাণিত হলেও ট্রাইব্যুনাল সাঈদীকে সাজা দেননি। কারণ, দুটি হত্যার দায়ে তাঁকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা বলেছি, অপরাধ প্রমাণিত হওয়ার পরও সাজা না দেওয়া একটি বড় ভুল। অপরাধ প্রমাণিত হলে দণ্ডের মেয়াদটাও বলতে হবে। সন্দেহাতীতভাবে প্রমাণিত ওই ছয় অভিযোগের ওপর দণ্ডাদেশ চেয়েই আমরা আপিল করেছি। এসব অভিযোগে দণ্ড প্রদান ও সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে।’খালাস পাওয়া ১২টি অভিযোগের বিষয়ে এম কে রহমান বলেন, ‘আপিল না করলেও সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে পূর্ণ ন্যায়বিচার চেয়েছি।’ কবে শুনানি হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সপ্তাহে শুনানির দিন নির্ধারণের জন্য চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যাওয়া হবে।সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ‘সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে তাঁকে খালাসের আরজি জানিয়েছি।’ রাজধানীর পুরানা পল্টনে সাঈদীর আইনজীবীদের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তাজুল ইসলাম দাবি করেন, সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যাচার। সাক্ষ্য-প্রমাণ দিয়ে ট্রাইব্যুনালে তা তুলে ধরা হলেও সেসব বিবেচনায় নেওয়া হয়নি। তাঁকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।তাজুল ইসলাম বলেন, ইব্রাহিম কুট্টি ও বিসা বালীকে হত্যার অভিযোগে সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। কিন্তু কুট্টিকে হত্যার অভিযোগে ১৯৭২ সালে তাঁর স্ত্রী মমতাজ বেগম একটি মামলা করেন। সেই মামলার নথি ও রাষ্ট্রপক্ষের অভিযোগ মেলে না। ওই নথি অনুসারে, রাষ্ট্রপক্ষের কথিত সময়ের সাত মাস পর ভিন্ন ব্যক্তিরা ভিন্নভাবে কুট্টিকে হত্যা করেছিল। কিন্তু রায়ে সেগুলো বিবেচনায় নেওয়া হয়নি। বিসা বালীকে সাঈদী হত্যা করেননি, এটা বারবার বলা সত্ত্বেও সে কথা শোনা হয়নি, বরং ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আগেই সাক্ষীকে ফটক থেকে অপহরণ করে গুম করা হয়েছে। অথচ রায়ে এসব বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।তাজুল ইসলাম জানান, সাঈদীর বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিটি পর্যবেক্ষণ চ্যালেঞ্জ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইব্রাহিম কুট্টি হত্যা, বিসা বালী হত্যা, রাষ্ট্রপক্ষের সেফ হাউস জালিয়াতি, ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপ কেলেঙ্কারি, আদালত প্রাঙ্গণ থেকে আসামিপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালীকে (রাষ্ট্রপক্ষের তালিকাভুক্ত সাক্ষী) পুলিশের অপহরণ ও এ নিয়ে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালের অনীহা প্রভৃতি।প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আপিল আবেদনটি ২৩৫ পৃষ্ঠার। এর সঙ্গে প্রায় পাঁচ হাজার পৃষ্ঠার নথি জমা দেওয়া হয়েছে। আপিলের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন।