সাঈদীর শাস্তিতে নিউইয়র্কে বাঙালিদের উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালত আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা উল্লাস করেছেন। শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায় শোনার জন্য নিউইয়র্কের বাংলাদেশিরা স্থানীয় সময় রাত ১০টা (বাংলাদেশ সময় সকাল ৯টা) থেকে শহরের জ্যাকসন হাইটসে সমবেত হতে থাকেন। সেখানকার রেস্তোরাঁগুলোতে ঢাকা থেকে সরাসরি প্রচারিত স্যাটেলাইট টিভির সামনে বসে প্রতীক্ষার প্রহর গুনতে থাকেন সবাই। জ্যাকসন হাইটসের প্রিমিয়ার রেস্তোরাঁয় তিনটি বড়পর্দার টিভিতে অনুষ্ঠান দেখতে ভিড় উপচে পড়ে। প্রবাসীদের সাথে নিউইয়র্কের সাংস্কৃতিক কর্মীরাও যোগ দেন। ঘড়ির কাটা যতই এগিয়ে যায়, দর্শকদের উত্কণ্ঠা ততই বাড়তে থাকে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ও হয়তো কাদের মোল্লার রায়ের মতোই হবে। প্রবাসীরা যখন টিভি সেটের সামনে বসে রায় শোনার জন্য প্রতীক্ষা করছিলেন, তখন ফুটপাথের ওপরে একটি ছোট জটলা থেকে সাঈদীর পক্ষে মৃদু স্বরে বলা কথাবার্তা শোনা যায়। অবশ্য রায় ঘোষণার পর ওই জটলাটিতে উপস্থিত ব্যক্তিদের জ্যাকসন হাইটসে আর দেখা যায়নি। রায় শোনার পর প্রবাসীরা উল্লসিত হয়ে ওঠেন। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করাতে থাকেন। রাত ১২টার দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা জ্যাকসন হাইটসে জড়ো হতে থাকেন। রায় শোনার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যানার নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাঁদের উল্লাস প্রকাশ করেন।