সাঈদীর সাজায় উল্লসিত ইউরোপের প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালত আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর ইউরোপে বাংলাদেশি প্রবাসীরা উল্লাস প্রকাশ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করার পর ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানকারী বাঙালিরা টেলিফোন ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাঁদের প্রতিক্রিয়া জানাতে থাকেন।এর আগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ইউরোপের বিভিন্ন শহরে প্রবাসী বাঙালিরা বিক্ষোভ সমাবেশ করেছেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে প্রবাসীরা গত কয়েক সপ্তাহে নানা সভা-সমাবেশ করেছেন। আদালতের রায় প্রকাশের পর বাংলাদেশের সঙ্গে বিশ্বের বাকি দেশগুলোর সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক কিছুক্ষণের জন্য ব্যাহত হলে প্রবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।রায়ের প্রতিক্রিয়ায় লন্ডনের আনসার উল্লা আহমেদ বলেন, ‘বিগত বছর ও সপ্তাহগুলোতে আমরা এ আন্দোলনের পক্ষে আন্দোলন করেছি। আমাদের প্রচেষ্টা বিফলে যায়নি।’লন্ডনের আন্দোলনের অন্যতম নেতা সানু মিয়া বলেন, ‘এ রায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমাদের লড়াইয়ের শক্তি আরও বাড়িয়েছে।’হ্যানোভারের লিপি আহমেদ রায়টিকে একাত্তরের চেতনার মাইলফলক বলে অভিহিত করেছেন।স্টকহোম থেকে দেলোয়ার হোসেন বলেছেন, রায়ই বলে দিচ্ছে, তাঁদের দীর্ঘ লড়াই পরিণতির দিকে যাচ্ছে।‘প্রবাসে দীর্ঘ প্রচেষ্টার সুফল দেখে আনন্দ লাগছে’ বলে হল্যান্ড থেকে জানিয়েছেন খোকন শরীফ। সুইডেনের মালমো থেকে সালেহ জামিল বলেন, যুদ্ধাপরাধীদের রুখতে, জামায়াতের কর্মীদের প্রবল প্রতিরোধের মুখে এ রায় শুনে তিনি অশ্রু সংবরণ করতে পারছেন না।