সাঈদীর সাফাই সাক্ষীদের সাক্ষ্যের দিন ধার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২৮ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া আসামিপক্ষের সাফাই সাক্ষীর সংখ্যা ২০ জন নির্ধারণ করার আদেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন মামলার পরবর্তী ধাপে আসামিপক্ষের সাফাই সাক্ষীদের সাক্ষ্য নেওয়া শুরু করতে হবে। আসামির বিরুদ্ধে ২০টি অভিযোগ আনা হয়েছে। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সাক্ষী ২৮ জন। অর্থাত্ রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। ২০ জন ঘটনা বিষয়ে এবং সাতজন জব্দ তালিকার বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। অর্থাত্ রাষ্ট্রপক্ষ ২০টি ঘটনার বিপরীতে ২০ জন সাক্ষী এনেছে। এ জন্য ট্রাইব্যুনাল মনে করছেন, সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের জন্য সাফাই সাক্ষী হিসেবে ২০ জন দিলে ন্যায়বিচার নিশ্চিত হবে।ট্রাইব্যুনাল ২৩ আগস্ট ২০ জন সাফাই সাক্ষীর তালিকা জমা দিতে এবং ২৮ আগস্ট সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।আসামিপক্ষ এ মামলায় ৪৮ জন সাফাই সাক্ষীর তালিকা জমা দিয়েছিল। আজ শারীরিক অসুস্থতার কারণে সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।