সাউথ-ইস্ট এশিয়ান ফেস্টিভ্যালে ‘বোহেমিয়ান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ শুক্রবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের ব্যান্ড বোহেমিয়ান। দিল্লির পুরান কেল্লায় ইন্ডিয়ান কাউন্সিল কালচারাল রিলেশন এবং এসইএইচইআর আয়োজিত তিন দিনের এ ফেস্টিভ্যাল চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানের প্রথম দিন আজ গান করবে ‘বোহেমিয়ান’। এ ছাড়া অনুষ্ঠানে আরও অংশ নেবে ‘ইন্ডিগো চিলড্রেন’ (নিউ দিল্লি), ‘মেটাল জোন ওয়েসিস’ (মিয়ানমার), ‘পেট্রি ডিশ প্রজেক্ট’ (মুম্বাই) এবং ‘জেব অ্যান্ড হেনিয়া’ (পাকিস্তান)। বাকি দুই দিন সাউথ-ইস্ট এশিয়ার বাকি দেশগুলোর মধ্যে থেকে নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশের নামীদামি ব্যান্ড গান পরিবেশন করবে। নিজেদের সর্বশেষ অ্যালবাম ‘সূর্য’ থেকে তিনটি এবং দুটি ইংরেজি গান পরিবেশন করবে বোহেমিয়ান। গানগুলো হলো—‘তোমায় নিয়ে’, ‘অন্ধ’, ‘জানি না’, ‘হোয়ার ইউ গো’ ও ‘বিউটিফুল ডে’। বোহেমিয়ান ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল শামস বলেন, ‘দেশে আমরা অনেক শো করেছি কিন্তু আন্তর্জাতিকভাবে এবারই প্রথম শো করতে যাচ্ছি। এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়।’প্রসঙ্গত, এর আগে এই সাউথ-ইস্ট এশিয়ান ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে ‘নগরবাউল’ ও ‘মাইলস’ অংশ নিয়েছে। বোহেমিয়ান ব্যান্ডের লাইনআপ—শামস বিন কাদের (ভোকাল ও গিটার), ফারশিদ (বেইজ ও ভোকাল), মাহবুব হাসানাত (গিটার) ও লাবিব (ড্রামস)।