সাউথ ক্যারোলাইনায় গিংরিচের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বাছাইপর্বের ভোটে (প্রাইমারি) চমক দেখিয়েছেন সাবেক স্পিকার নিউট গিংরিচ। সাউথ ক্যারোলাইনার ভোটযুদ্ধে দলটির শক্তিশালী প্রার্থী মিট রমনিকে হারিয়ে দিয়েছেন তিনি। গতকাল শনিবার সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে বাছাইপর্বের ভোট অনুষ্ঠিত হয়। এতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গিংরিচ মোট প্রাপ্ত ভোটের ৪০ শতাংশ পেয়ে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারিতে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি ২৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। আর রিক সান্তোরাম পেয়েছেন ১৭ শতাংশ ও রন পল পেয়েছেন ১৩ শতাংশ ভোট।সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বাছাইপর্বের ভোটের ফলাফলে দলটিতে প্রার্থী মনোনয়ন দৌড় বেশ নাটকীয় হয়ে উঠেছে। সেই সঙ্গে মিট রমনির সম্ভাবনা এখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে।এর আগে গত বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতা থেকে বিদায় নেন টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর রিক পেরি। তিনি নিউট গিংরিচের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন।