মানবতাবিরোধী অপরাধের বিচার
সাকা চৌধুরী ও কাশেম আলীর অভিযোগ তদন্তে প্রতিনিধিদল চট্টগ্রামে
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাশেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে চট্টগ্রামে গেছে প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফসহ সাত সদস্যের তদন্ত দল সড়ক ও আকাশপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।তদন্ত সংস্থার সদস্য মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাশেম আলীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করা হবে। প্রথমে রাউজানে যাওয়া হবে। ওখানে মুক্তিযুদ্ধে নির্যাতিতদের আত্মীয়স্বজনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হবে। এরপর চট্টগ্রামের গণকবর ও বধ্যভূমিগুলো পরিদর্শন করা হবে। দুই দিনের সফর শেষে শনিবার তাঁদের ঢাকায় ফেরার কথা। প্রতিনিধিদলে আছেন তদন্ত সংস্থার সদস্য মতিউর রহমান, নুরুল ইসলাম, মো. আবদুর রাজ্জাক, এস এম ইদ্রিস আলী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) জেয়াদ-আল্ মালুম ও মো. মোখলেছুর রহমান।