সাংবাদিকদের তদন্ত দলের প্রসিকিউটর
সাকা চৌধুরী ও মীর কাশেমের বিরুদ্ধে শিগগির পদক্ষেপ নেওয়া হবে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেছেন, মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামে গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিডিয়ায় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরী ও জামায়াত নেতা মীর কাশেম আলীর নাম এসেছে। গতকাল ও আজ—দুই দিন ওই সময়ের ঘটনায় প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত দলের কাছে বিষয়টি যথেষ্টভাবে প্রতিভাত ও প্রমাণিত হয়েছে। চট্টগ্রামে সাক্ষ্য-প্রমাণে সাকা চৌধুরী, মীর কাশেম আলীসহ যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে শিগগিরই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।আজ শনিবার চট্টগ্রামের সার্কিট হাউসে তদন্ত দলের সংবাদ ব্রিফিং শেষে প্রসিকিউটর সাংবাদিকদের এসব কথা বলেন। জেয়াদ আল মালুম বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী এগিয়ে যাওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো ধরনের প্রভাব-প্রতিপত্তি, রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক প্রভাব—কিছুরই ধারে-কাছে নেই । এর আগে সার্কিট হাউসে সংবাদ ব্রিফিংয়ে তদন্ত দলের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, ‘সাক্ষ্য-প্রমাণ পেয়েছি। তদন্তকাজে তৃপ্তি নিয়ে ঢাকা ফিরে যাচ্ছি।’এর আগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নেতৃত্বে সাত সদস্যের তদন্ত দল চট্টগ্রাম নগরে একটি বধ্যভূমি ও দুটি নির্যাতন কেন্দ্র পরিদর্শন করে। সকাল নয়টার দিকে তদন্ত দল নগরের কাটা পাহাড় এলাকার ডালিম ভবনে যান। এ সময় একাত্তরের নির্যাতনের কথা তদন্ত দলের কাছে তুলে ধরেন নির্যাতিত পরিবারের সদস্যরা। এমনই এক নির্যাতিত পরিবারের সদস্য নারী নেত্রী নূরজাহান খান। তিনি সাংবাদিকদের সামনে তদন্ত দলকে বলেন, ‘একাত্তরের নভেম্বরে আমার স্বামী সাইফুদ্দিন খানসহ পরিবারের সাতজনকে ডালিম ভবনে ধরে নিয়ে যাওয়া হয়। অমানবিক নির্যাতন চালিয়ে তাঁদের হত্যা করা হয়।’ এরপর তদন্ত দল পাহাড়তলী বধ্যভূমি পরিদর্শনে যায়। স্থানীয় লোকজন জানায়, একাত্তরে শতাধিক লোককে সেখানে জবাই করে হত্যা করা হয়েছিল। তদন্ত দলকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন বলেন, ‘পাঞ্জাবি লেনের বাসা থেকে আমার বাবা ও স্বজনদের এখানে ধরে এনে জবাই করে হত্যা করা হয়।’ তদন্ত দল ফয়’স লেকে একাত্তরের একটি নারী নির্যাতন কেন্দ্র পরিদর্শন করে। তদন্ত দলের কাছে দেওয়া সাক্ষ্যে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে নারীদের ধরে এনে পাশবিক নির্যাতন করা হতো।