চট্টগ্রামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
সাকা চৌধুরী ও মীর কাসেমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, জামায়াতে ইসলামীর কার্যনির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীসহ অন্যদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা সাংবাদিকদের ব্রিফিংকালে এমন ইঙ্গিত দিয়েছেন।ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সার্কিট হাউসে ব্রিফিং করে। এ সময় ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, ‘চট্টগ্রামে একাত্তরের নারকীয় হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুণ্ঠনের মতো অপরাধের তদন্তে আমরা যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পেয়েছি। আমরা যা পেয়েছি, তা আদালতে জমা দেব। এরপর আদালত আইনি ব্যবস্থা নেবেন।’আইনজীবী জেয়াদ-আল্ মালুম বলেন, ‘চট্টগ্রামে সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণে যাঁদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তাঁদের বিরুদ্ধে যথাসময়ে আমরা পদক্ষেপ নেব।’ তিনি আরও বলেন, ‘আগে পাঁচজনের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হয়েছে, এঁদের বিরুদ্ধেও তা-ই করা হবে। শিগগিরই আপনারা সেটা দেখবেন।’ তিনি বলেন, গণমাধ্যমে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে এ কয়জনের নাম আগেও এসেছে। দুই দিনের তদন্তে সেটি যথেষ্টভাবে আমাদের কাছে প্রতিভাত ও প্রমাণিত হয়েছে।’ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে তদন্ত দলের সদস্য মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান উপস্থিত ছিলেন। এর আগে সকালে তদন্ত দল নগরের কাটা পাহাড়ের ডালিম ভবনের (ডালিম হোটেল) নির্যাতন ক্যাম্প, পাহাড়তলী বধ্যভূমি, ফয়’স লেকের নির্যাতন ক্যাম্প পরিদর্শন করে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।তদন্ত সূত্রে জানা গেছে, তদন্তে সাকা চৌধুরী, তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরীর পরিবার এবং মীর কাসেমসহ স্থানীয় জামায়াতের আরও কিছু নেতা ও প্রভাবশালী ব্যবসায়ীর নাম উঠে এসেছে। কিন্তু আরও তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। ট্রাইব্যুনালের তদন্ত দল দুই দিন ধরে চট্টগ্রামের রাউজান এবং নগরের বিভিন্ন স্থানে বধ্যভূমি, গণহত্যার স্থান ও একাত্তরের নির্যাতন শিবির পরিদর্শন করে। এ সময় তদন্ত দলের সদস্যরা নির্যাতিত নারী-পুরুষ, প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য নেন। গতকাল তদন্ত দলের আইনজীবী প্যানেলের তিন সদস্য গোলাম আরিফ টিপু, জেয়াদ-আল্ মালুম ও মোখলেসুর রহমান চট্টগ্রাম ছেড়ে গেছেন। বাকিরা এখনো আছেন। মীর কাসেম নির্যাতন চালাতেন ডালিম ভবনে: জামায়াতের নেতা মীর কাসেম আলী একাত্তরে ছিলেন আলবদর বাহিনীর কমান্ডার। তদন্ত দল সকালে ডালিম ভবনে গেলে ভুক্তভোগীরা তাঁর নির্যাতনের ঘটনা তুলে ধরেন। নারীনেত্রী নুরজাহান খানের স্বামী সাইফুদ্দিন খানসহ তাঁদের সাত স্বজনকে ধরে আনা হয়েছিল ডালিম ভবনে। তাঁদের সেখানে আটকে অমানবিক নির্যাতন করা হয় বলে তদন্ত দলকে জানান নুরজাহান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘একাত্তরের ২৫ নভেম্বর ভোররাতে মুখোশধারী কিছু লোক আমাদের মাঝিরঘাটের বাসা থেকে আমার স্বামীসহ সাতজনকে ধরে ডালিম ভবনে আনে। তাঁদের কয়েক দিন আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। মীর কাসেমসহ জামায়াতের কিছু নেতা তাঁদের ওপর নির্যাতন চালাতেন বলে আমার স্বামী জানিয়েছিলেন।’ফয়’স লেক রেলওয়ে লগ হাউস: ফয়’স লেকের পাহাড়ের ওপর রেলওয়ে লগ হাউস ভবন ছিল। পাশে ছিল লেক। পাহাড়তলী পাঞ্জাবি লেন, আকবর শাহ মাজার এলাকা থেকে নারীদের ধরে এখানে এনে নির্যাতন চালানো হতো।গতকাল তদন্ত দলকে এখানকার নির্যাতনের তথ্য জানান পাঞ্জাবি লেন এলাকার বাসিন্দা অধ্যাপক গাজী সালেহউদ্দিনসহ অন্যরা। তাঁরা বলেন, মূলত অবাঙালি বিহারিরা রাজাকার আলবদরদের সহযোগিতায় নারীদের ধর্ষণ ও হত্যায় জড়িত ছিল। নির্যাতনের পর নারীদের লেকে ফেলে দেওয়া হতো।