সাকা চৌধুরী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জামিনের আবেদন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার আসামিপক্ষের তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোস্তফা সরোয়ার এই নির্দেশ দেন।সাকা চৌধুরীকে গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। ২৭ জুনের হরতালের আগের রাতে মগবাজারে গাড়ি পোড়ানোর মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে। সাকা চৌধুরীর মামলার শুনানির আগে বেলা পৌনে তিনটা থেকে কয়েক দফায় আদালতকক্ষে ও আদালতের বাইরে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়, বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনা ঘটে। আদালতের মধ্যেও হইচইয়ের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, উভয় পক্ষের আইনজীবী ও পুলিশ সূত্র জানিয়েছে, আসামিপক্ষের অনেক আইনজীবীর একসঙ্গে চিৎকার করে কথা বলা থেকে ঘটনার সূত্রপাত হয়। এ সময় বিচারক মোস্তফা সরোয়ার আসামিপক্ষের দুজন জ্যেষ্ঠ আইনজীবীকে কথা বলার অনুমতি দেন।বিচারকের বক্তব্য শেষে সাকা চৌধুরীর আইনজীবী মাসুদ উদ্দিন তালুকদার আদালতকে বলেন, ‘মাননীয় আদালত আমরা সংখ্যায় বেশি। তাই আমাদের একটু বেশি আইনজীবীকে কথা বলতে দিতে হবে।’ এরপর আদালত আসামিপক্ষের পাঁচজন আইনজীবীকে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেন। আসামিপক্ষের পাঁচ আইনজীবীর মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ উদ্দিন তালুকদার, ফখরুল ইসলাম, মোসলেহ উদ্দিন, জাকির হোসেন ভূঁইয়া ও মোহাম্মদ পারভেজ শুনানি করবেন বলে জানান।তবে ফখরুল ইসলাম শুনানি করার সময় একদল আইনজীবী সমস্বরে তাঁর বক্তব্যের প্রতিবাদ করতে থাকে। একপর্যায়ে বিচারককে কয়েকজন আইনজীবী বলেন, ফখরুল ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করেছেন। তিনি স্বাধীনতাবিরোধী কুচক্রী। তাঁকে এই আদালতে কথা বলতে দেওয়া উচিত না। এ সময় আরও অর্ধশতাধিক আইনজীবী একযোগে ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানান।একপর্যায়ে মাসুদ উদ্দিন তালুকদার বলেন, আসামির পক্ষে তিনি বক্তব্য দেবেন। তবে সবাইকে চুপ থাকতে হবে। আসামিপক্ষের বক্তব্য যদি আদালত শুনতে না পান এবং সরকারপক্ষের বক্তব্য যদি আসামিপক্ষ শুনতে না পান, তাহলে আসামিপক্ষেরই ক্ষতি। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে। এরপর আবার শুনানি শুরু হয়।সাকা চৌধুরীর আইনজীবীরা তাঁর জামিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা এবং জামিন মঞ্জুর না করলে জেলহাজতে প্রথম শ্রেণীর বন্দীর মর্যাদা দেওয়ার আবদেন করেন।শুনানিতে আইনজীবীরা বলেন, সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা সাকাকে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারের কথা বলছেন। আবার পুলিশ তাঁকে মগবাজারের গাড়ি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার দেখিয়েছে। পুলিশি হেফাজতে তাঁকে নির্মম নির্যাতনও করা হয়েছে। এ মামলায় অন্য সব আসামিকে জামিন দেওয়া হয়েছে, তাই তিনিও জামিন পেতে পারেন।এ বক্তব্যের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, আসামিকে কোনো নির্যাতন করা হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ। তাঁকে জামিন দেওয়া হলে পালিয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই জামিনের ঘোর আপত্তি আছে।আদালত জামিন নামঞ্জুর করে সাকা চৌধুরীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আর অন্য দুটি আবেদনের ব্যাপারে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।এর আগে সাকার আইনজীবীরা তাঁকে আদালতে উপস্থিত করার জন্য বারবার বিচারকের কাছে আরজি জানান। মাসুদ উদ্দিন তালুকদার বলেন, ‘আমরা পত্রিকায় পড়েছি তাঁকে নির্যাতন করা হয়েছে। ওনারা বলছেন নির্যাতন করা হয়নি। আসলে কী হয়েছে, কৌতূহল নিবৃত্ত করতে হলেও তাঁকে আদালতে উপস্থিত করা প্রয়োজন।’পিপি আবদুল্লাহ আবু বলেন, তাঁদের কোনো আবেদন থাকলে সেই আবেদনের ওপর তাঁরা কথা বলবেন। সাকা চৌধুরী এ সময় প্রিজন ভ্যানে ছিলেন। তাঁকে আদালতে হাজির না করে আবেদন জমা দেন আইনজীবীরা।আদালতে ঝাড়ু ও জুতা মিছিল: গতকাল বেলা সোয়া দুইটায় সাকা চৌধুরীকে কড়া পুলিশি পাহারায় মহানগর আদালতে নেওয়া হয়। বিএনপির সমর্থক আইনজীবীরা আদালত চত্বরে মিছিল করেন। আড়াইটার দিকে দুই পক্ষের দুই শতাধিক আইনজীবী নির্ধারিত ২২ নম্বর আদালতকক্ষে জড়ো হন। শুনানি চলাকালে ছাত্রলীগ সাকা চৌধুরীর বিচারের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল করে।শুনানি শেষে আইনজীবীরা আদালতের প্রবেশমুখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। উভয় পক্ষের আইনজীবীরা আদালত প্রাঙ্গণে পাল্টাপাল্টি মিছিল করেন এবং হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এই উত্তপ্ত পরিস্থিতির জন্য পুলিশ আদালত চত্বর থেকে ছাত্রদল ঢাকা দক্ষিণের প্রথম যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকারসহ ১১ জনকে আটক করে। এ সময় সাকা চৌধুরীকে বহনকারী প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে। ভ্যানের ওপর আওয়ামী লীগের সমর্থকেরা জুতা ও ঝাড়ু ছুড়ে মারেন।