সাকা চৌধুরী ভুলে যান, তিনি সংসদে নেই
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা অভিযোগ করেছেন, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী শুরু থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে হেয়প্রতিপন্ন করে কথা বলছেন। তিনি বিচারকাজ বারবার বাধাগ্রস্ত করতে চান। এ ব্যাপারে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালের হস্তক্ষেপ কামনা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।তবে সাকা চৌধুরীর আইনজীবী আসাদুল হক ট্রাইব্যুনালকে বলেন, ‘উনি ছয়বারের সাংসদ। উনি ভুলে যান, উনি সংসদে নেই।’আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী সিরাজুল ইসলাম ওরফে সিরু বাঙালিকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে জেরা শুরুর আগে গতকাল রোববার আদালতে দেওয়া সাকা চৌধুরীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল।এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আদালতকে বলেন, সাকা চৌধুরী নানাভাবে এই আদালতকে হেয়প্রতিপন্ন করেছেন। তাঁর কিছু বলার থাকলে তিনি আইনজীবীর মাধ্যমে বলবেন। কিন্তু তিনি সেটা না করে যা-তা বলেন। কাজেই আদালতের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।জবাবে সাকার আইনজীবী বলেন, ‘উনি ছয়বারের সাংসদ। তিনি ভুলে যান, তিনি কোথায় আছেন। তবে এ ব্যাপারে আদালত গণমাধ্যমে নির্দেশনা দিতে পারেন। তাঁর সব কথা কেন প্রকাশিত হবে?’এ সময় বিচারপতি নিজামুল হক বলেন, ‘আমরা চাইলে লেখা বন্ধ করার নির্দেশ দিতে পারি। কিন্তু সেটি ঠিক হবে না। কারণ গণমাধ্যম স্বাধীন।’ নিজামুল হক বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যা বলছেন, তাতে এখন একটিই নির্দেশ দেওয়ার উপায় আছে। আর সেটি হলো তাঁকে আদালতে না এনেই বিচারকাজ করা। কিন্তু আমরা সেটি করতে চাই না। তাই আমরা ধরে নিচ্ছি আমরা এগুলো শুনিনি।’পরে মামলার কার্যক্রম শুরু হলে সাকা চৌধুরীর আইজীবীরা এ মামলার সাক্ষী সিরু বাঙালিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী উপস্থিতি ছিলেন। বিকেল চারটায় ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে তিন বিচারক চলে গেলে সাকা চৌধুরী তাঁর আইনজীবীদের সামনে তাঁদের নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কটু কথা বলেন।