সাকা চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গাড়ি পুড়িয়ে ফারুক হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ বুধবার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে সাকাকে আদালতে আনার পরপরই তাঁর সমর্থকেরা গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে। এ সময় পুলিশ ছয়জনকে আটক করে। এদিকে আদালত চলাকালে ছাত্রলীগ সাকা চৌধুরীর ফাঁসির দাবিতে মিছিল করে। আদালতের রায় শেষে তাঁকে কারাগারে নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ ও সরকারপক্ষের কয়েকজন আইনজীবী জুতা ও ঝাড়ু নিয়ে মিছিল করেন। এ সময় সাকার সমর্থক ও তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। গত ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। রিমান্ড শেষে আজ তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। তবে নতুন কোনো রিমান্ডের আবেদন না থাকায় তাঁকে বিচারকের সামনে হাজির করা হয়নি।এ সময় সাকা চৌধুরীর আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে সাকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।উল্লেখ্য, ২৬ জুন বিএনপির ডাকা হরতালে গাড়ি পোড়ানো ও ফারুক হত্যার অভিযোগে রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।গত বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা পুলিশ ও র্যাবের সদস্যরা রাজধানীর বনানী এলাকার একটি বাড়ি থেকে সাকাকে গ্রেপ্তার করেন।