ফটিকছড়িতে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফটিকছড়ি থানার পরিদর্শক আলতাফ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার শুনানির পর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইব্রাহিম মিয়া গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।চট্টগ্রাম আদালতের সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই-জিআরও) মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে আসামি দেখানোর আবেদন করা হয়। আদালত আবেদন আমলে নিয়ে আসামিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।প্রসঙ্গত, গত বছরের ২০ নভেম্বর ফটিকছড়ির বিবিরহাট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্থানীয় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাকা চৌধুরী ১৫ আগস্ট সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তিনি ওই সময় বলেছিলেন, ‘১৫ আগস্ট জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। ১৫ আগস্ট না হলে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেত না। একদলীয় শাসন ব্যবস্থার অবসান হতো না।’ ওই সম্মেলনে সাকা চৌধুরী আওয়ামী লীগকে সতর্ক করে আরও বলেন, ‘প্রয়োজনে ১৫ আগস্ট থেকে শিক্ষা নিতে হবে। মুজিব হত্যার রায় জাতি মেনে নেয়নি।’ এ ঘটনায় নগরের বাদুড়তলা শুলকবহরের বাসিন্দা মো. আবু তাহেরউদ্দীন (৩২) দণ্ডবিধির ১২৪(ক)/৫০৫ ধারায় চট্টগ্রামের আদালতে একটি মামলা করেছিলেন। রাষ্ট্রদ্রোহ মামলা সরকারের অনুমোদন ছাড়া হয় না, তাই ঘটনার ১৩ মাস পর গত ২১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজউদ্দিন সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।