মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা আবেদনের শুনানি হবে আগামী রোববার।অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল করার (কোয়াশমেন্ট) আবেদন গতকাল বুধবার হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে আটক বা গ্রেপ্তার রাখার নির্দেশনা চেয়ে আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার সদস্যরা গতকাল বেলা ১১টায় ট্রাইব্যুনালে আবেদন জমা দেন। এর ওপর শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়েছে বলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম জানিয়েছেন।ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (প্রধান আইনজীবী) গোলাম আরিফ সাংবাদিকদের বলেন, ‘সাকা চৌধুরীর বিষয়ে যে তথ্যাদি রয়েছে, তা আইনের আমলে আনার প্রয়োজনীয়তা অনুভব করেছি। তাঁর বিরুদ্ধে বক্তব্য ও সাক্ষ্য দিয়ে সাক্ষীরা ভয়-ভীতি ও শঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন। তাঁকে বাইরে রাখলে তদন্তকাজ বিঘ্নিত হবে।’ তিনি জানান, সাকা চৌধুরী একাত্তরে চট্টগ্রামে বিভিন্ন হত্যাযজ্ঞে সরাসরি জড়িত এবং পাক-সামরিক বাহিনীর সহযোগী ছিলেন। এদিকে সাকা চৌধুরী জামিনের জন্য উচ্চ আদালতে যেতে পারেন, এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল দিনভর সুপ্রিম কোর্টের চারপাশ ঘিরে রেখেছিল। এর আগে মঙ্গলবার রাতে ঢাকার ধানমন্ডিতে সাকা চৌধুরীর বাসায় পুলিশ অভিযান চালায়। কিন্তু তাঁকে পায়নি।নিজামীর আবেদন খারিজ: মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে দায়ের করা আবেদনটি গতকাল খারিজ করে দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ।একইভাবে জামায়াতের অপর তিন নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার পক্ষ থেকেও হাইকোর্টে কোয়াশমেন্ট আবেদন রয়েছে।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, নিজামীর আবেদনটি খারিজ হওয়ায় একই যুক্তিতে করা অপর আবেদনগুলোও খারিজ হয়ে যাবে।নিজামীর আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল চেয়ে আবেদন করা হয়। আদালত তা খারিজ করে দিয়েছেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।এদিকে স্বাস্থ্যগত দিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনা করে কামারুজ্জামান ও কাদের মোল্লাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন। গত আগস্টে নিজামীর পক্ষে হাইকোর্টে কোয়াশমেন্ট আবেদন করা হয়। ৬ ডিসেম্বর আবেদনের ওপর শুনানি শুরু হয়। প্রসঙ্গত, নিজামী ও মুজাহিদকে গত ২৯ জুন এবং কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ১৩ জুলাই গ্রেপ্তার করা হয়।