সাকা চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন
বিএনপির নেতা ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মো. আবু তাহেরউদ্দিন নামের স্থানীয় একজন অধিবাসী।আজ শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাহেরউদ্দিন এ দাবি জানান। দাবি মানা না হলে আগামী ১৬ ডিসেম্বর থেকে চট্টগ্রাম শহীদ মিনারে আমরণ অনশন শুরু করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।সংবাদ সম্মেলনে আবু তাহের বলেন, ‘সাকার বিরুদ্ধে মামলা করায় আমাকে হত্যার ষড়যন্ত্র চলছে। আমি এতে ভীত নই। গত ২৬ মার্চ রাঙামাটিতে এবং ৬ আগস্ট চকবাজারে শিবির ক্যাডাররা আমার ওপর হামলা চালায়। তবু আমি সাকা চৌধুরীর গ্রেপ্তার চাই। এই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে আরও মামলা করার সাহস পাবেন।’উল্লেখ্য, এর আগে আবু তাহেরউদ্দিন সাকা চৌধুরীর বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন। সরকার মামলাটিতে অনুমোদন দিয়েছে। গত বছরের ২০ নভেম্বর ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মেলনে সাকা চৌধুরী বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলাটি হয়। এটি চট্টগ্রামের একটি আদালতে বিচারাধীন।