সাকা চৌধুরীকে ছয় অভিযোগ থেকে অব্যাহতির আরজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে দণ্ডবিধি ও দালাল আইনে থাকা ছয়টি মামলায় যেসব অভিযোগ রয়েছে, সেগুলো মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে বাদ দেওয়ার আরজি জানিয়েছে আসামিপক্ষ।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সোমবার সাকা চৌধুরীর পক্ষে করা কয়েকটি আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ও ফখরুল ইসলাম এ আরজি জানান। ট্রাইব্যুনাল এসব আবেদনের ওপর আদেশের জন্য ১৩ মার্চ দিন ধার্য করেছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানিতে আহসানুল হক বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে দালাল আইন, ১৯৭২ এবং দণ্ডবিধির অধীনে ছয়টি মামলা অনিষ্পন্ন আছে। এসব মামলায় থাকা অভিযোগ মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগেও আনা হয়েছে। সংবিধান অনুসারে, এক ব্যক্তিকে একই অপরাধে দুবার বিচার করা এবং শাস্তি দেওয়া যায় না।ফখরুল ইসলাম বলেন, ১৯৭৩ সালে সশস্ত্র, প্রতিরক্ষা বা তার সহযোগী কোনো বাহিনীর সদস্যদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন প্রণয়ন করা হয়। মুক্তিযুদ্ধকালে সাকা চৌধুরী কোনো সশস্ত্র বাহিনী বা রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, এ জন্য ২০০৯ সালে আইন সংশোধন করে ‘যেকোনো ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠী’ শব্দগুলো সংযোজন করা হয়। সংশোধনীর সময় সংসদে বলা হয়েছিল, এই আইন অনতিবিলম্বে কার্যকর হবে, বলা হয়নি এটি ১৯৭১ সাল থেকে ভূতাপেক্ষ কার্যকর হবে। আইনের ভূতাপেক্ষ কার্যকারিতা সম্পর্কে তিনি পিলখানা হত্যাকাণ্ড ও বিদ্রোহের বিচার বিষয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মতামত উল্লেখ করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম বলেন, বিডিআর মামলা ও মানবতাবিরোধী অপরাধের মামলা এক নয়। ভূতাপেক্ষ কার্যকারিতার বিষয়টি সেনা আইনের প্রসঙ্গে বলা হয়েছিল। ট্রাইব্যুনাল আইনের ক্ষেত্রে আপিল বিভাগের রায় প্রযোজ্য হবে না। সাংবিধানিক বিষয় নিষ্পত্তি করার জন্য এই ট্রাইব্যুনাল করা হয়নি।শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য দিন ধার্য করেন। ট্রাইব্যুনাল এ সময় বলেন, ওই দিন অভিযোগ গঠন ছাড়া বাকি সব আবেদনের ওপর আদেশ দেওয়া হবে।কাঠগড়ায় বসা সাকা চৌধুরী শুনানির একপর্যায়ে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি চান। ট্রাইব্যুনাল অনুমতি দিয়ে বলেন, এমন অনুমতি দিতে চাই না, কারণ অন্য আসামিরাও তা চাইতে পারেন। এ সময় সাকা চৌধুরী বলেন, এখানে যেসব কবুতরকে ধরে আনা হয়েছে, তারা কেউ বকবক করবে না, একমাত্র তিনি ছাড়া।গত ১৩ ফেব্রুয়ারি সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের ধার্য দিনে ট্রাইব্যুনাল আসামিপক্ষের কয়েকটি আবেদনের শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। ২২, ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ এসব আবেদনের ওপর উভয় পক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন করে।গোলাম আযমের বিষয়ে আদেশ আজ: জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে বাসা থেকে তৈরি করা খাবার সরবরাহের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর আজ মঙ্গলবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল। গতকাল এ আবেদনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, গোলাম আযমের শারীরিক অবস্থা নিয়ে তিনি চিন্তিত। তাঁকে চার বেলা বাসায় রান্না করা খাবার সরবরাহের অনুমতি দেওয়া হোক।গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারাকক্ষে আটক রয়েছেন।নিজামী ও কাদের মোল্লার অভিযোগের বিষয়ে শুনানি: জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানি হবে যথাক্রমে ৭ মার্চ ও আজ। তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য থাকায় সকালে তাঁদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর শুনানির দিন পুনর্নির্ধারণ হলে তাঁদের আবার কারাগারে নেওয়া হয়।