সাকা চৌধুরীকে তিন মাসের আটকাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে তিন মাসের আটকাদেশ দিয়েছেন। আগামী ১৯ এপ্রিল তাঁকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।গতকাল সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। গতকাল দ্বিতীয়বারের মতো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাকা চৌধুরী নিজেই তাঁর পক্ষে শুনানি করেন। প্রথম দফায় গত ৩০ ডিসেম্বর তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।সকাল সাড়ে ১০টার দিকে সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ। কক্ষে ঢুকেই সাকা চৌধুরী বলেন, ‘এটা কি ক্যামেরা ট্রায়াল (গোপন বিচার)? ক্যামেরা ট্রায়াল হলে আমি এখানে বসব না। পাবলিক ট্রায়াল (প্রকাশ্য বিচার) হতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার যদি পাবলিক ট্রায়াল হতে পারে, তাহলে আমারটা কেন পাবলিক ট্রায়াল হবে না?’ পরে অবশ্য কাঠগড়ায় বসেন সাকা চৌধুরী। ট্রাইব্যুনালের তিন বিচারক এজলাসে আসন গ্রহণের পর তিনি তাঁদের উদ্দেশে বলেন, ‘আমার পিটিশন ছিল। সই করতে পারিনি। আর আমাকে যারা সাহায্য করবে, সেই আইনজীবী তো নেই।’ জবাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘আপনি গতকাল সন্ধ্যায় একটি চিঠি পাঠিয়ে বলেছেন, নিজেই নিজের শুনানি করবেন। আবার সাহায্যকারী হিসেবে ২০ জন আইনজীবীর একটি তালিকা পাঠিয়েছেন। কিন্তু আইন অনুযায়ী একজন ব্যক্তি হয় নিজে নিজের পক্ষে শুনানি করবেন অথবা তিনি আইজীবী নিয়োগ করবেন। আপনি কোনটা করবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।’আরও কয়েক দফা বাক্যবিনিময়ের পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এটা একটা পাবলিক ট্রায়াল। আমরা সবাই মিলে ন্যায়বিচার করার চেষ্টা করব। আপনার আবেদনে বলেছেন আপনি নিজে মামলা লড়বেন। এখন আবার আইনজীবী চাইছেন। এখন আপনি মামলা নিজে লড়বেন নাকি ট্রাইব্যুনাল আপনার হয়ে আইনজীবী নিয়োগ করবেন, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে।’ তখন আবার সাকা বলেন, ‘আমি থাকতে আমার আইনজীবী লাগবে কেন?’আটক রাখার আবেদন: রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ-আল মালুম তদন্তের স্বার্থে সাকাকে আটক রাখার আবেদন জানিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে কনভেনশন মুসলিম লীগের সক্রিয় কর্মী সাকা ও তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরী মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও হিন্দু জনগোষ্ঠীকে হত্যা-নির্যাতনে জড়িত ছিলেন। এ সময় তিনি বেশ কয়েকটি উদাহরণ দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সাকার চট্টগ্রামের বাসভবন ‘গুড হিলস’ ছিল একটি নির্যাতন কেন্দ্র। এখন যথাযথ তদন্তের স্বার্থে সাকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বা তাঁকে আটক রাখা প্রয়োজন।আইনজীবী মালুম বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী একজন ধুরন্ধর, কপট, দুষ্ট প্রকৃতির লোক। চট্টগ্রামের অনেক সাক্ষীই তাঁর ভয়ে ভীত অবস্থায় আছে। তাঁকে জেলে রাখলে আরও অনেক সাক্ষ্য পাওয়া যাবে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি মুক্ত থাকলে সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে পারেন, আত্মগোপনে চলে যেতে পারেন।’ অভিযোগ খণ্ডনের চেষ্টা ও সাকার চার আবেদন: সাকা দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় তিনি কোনো রাজনৈতিক দলে জড়িত ছিলেন না। আর ওই নয় মাসে তিনি কয় দিন ও কয় ঘণ্টা দেশে ছিলেন, তা বের করতে তদন্ত কর্মকর্তাদের অনেক কষ্ট করতে হবে।সাকা বলেন, ফজলুল কাদের চৌধুরী তাঁর বাবা হওয়ার কারণেই তাঁকে মানবতাবিরোধী অপরাধের বিচারের সম্মুখীন হতে হচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ অনুযায়ী তাঁকে আটক রাখার সুযোগ নেই। কারণ তাঁর বিরুদ্ধে কোনো চার্জ গঠন হয়নি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির সাক্ষ্য দেওয়ার কথা উল্লেখ করে সাকা চৌধুরী বলেন, ‘কে কত রকম কথা বলে। এসব শুনে লাভ আছে? আমার বন্ধু (প্রসিকিউটর) আমার বিরুদ্ধে ভিত্তিহীন, বানোয়াট গল্প বললেন।...আমি কোথাও চলে যাব না। গত দুই বছরে আমি আমার হূদরোগ বিশেষজ্ঞকে দেখাতে বিদেশ যাইনি পর্যন্ত।’এরপর সাকা চৌধুরী চারটি আবেদন করেন। তাঁকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার সিদ্ধান্ত বাতিল, সংসদে যাওয়ার অনুমতি প্রদান, বেসরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়া এবং তাঁর বিরুদ্ধে মামলার (আইসিটি বিডি মিসকেস-৪-২০১০) অনুলিপি দেওয়ার জন্য এই আবেদনগুলো করা হয়। পরে বিচারপতি নিজামুল হক আবেদনগুলোর ওপর আদেশ দেন।ট্রাইব্যুনালের আদেশ: সাকা চৌধুরীর চার আবেদনের মধ্যে তাঁকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার সিদ্ধান্ত বাতিলের আবেদন ও মামলার অনুলিপি চেয়ে আবেদন নাকচ করে দেন ট্রাইব্যুনাল। সংসদে যাওয়ার সুযোগ দেওয়ার আবেদনটির বিষয়ে কোনো আদেশ না দিয়ে এ বিষয়ে সাকা চৌধুরীকে হাইকোর্টে রিট করতে বলা হয়। অন্য আবেদনটির বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, বেসরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়ার বিষয়ে আপিল বিভাগে একটি মামলা চলছে। কাজেই তিনি কোনো আদেশ দেবেন না।অন্যদিকে সাকা চৌধুরীকে আটক রাখতে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, ‘তাঁর বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমরা বলতে পারি না এসব অভিযোগ সত্য বা মিথ্যা। তবে এসব বিষয়ে যথাযথ তদন্ত প্রয়োজন। যথাযথ তদন্তের জন্য সাকা চৌধুরীকে নির্দিষ্ট সময়ের জন্য আটকাদেশ দেওয়া গেল। আগামী ১৯ এপ্রিল তাঁকে ট্রাইব্যুনালের কাছে হাজির করা এবং তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত যত দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।