সাকা চৌধুরীকে ১৭ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) আগামী ১৭ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কারা কর্তৃপক্ষকে তাঁকে ওকালতনামায় স্বাক্ষর ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে বলা হয়েছে। স্বাক্ষর করা ওকালতনামা সংশ্লিষ্ট আইনজীবীকে উপস্থাপন করতে এবং এ আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পাঠাতেও বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।বিচারপতিরা এজলাস থেকে চলে যাওয়ার পর সাকা চৌধুরী পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘ডিজিএফআইকে ডাকুন। আমার মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। আমি ৩২ বছর যাবত্ আইনপ্রণেতা।’এজলাস থেকে নিয়ে যাওয়ার সময় সিঁডিতে তিনি বলেন, ‘এ সরকার কারজায়ি সরকার। সরকারের পতন হোক।’পরে ১১টা পাঁচ মিনিটের দিকে প্রিজন ভ্যানে করে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ বৃহস্পতিবার। এর আগে সকাল সাতটার দিকে নারায়ণগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর ভোরে বনানীর একটি বাসা থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগে সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে ১৫ ডিসেম্বর তাঁকে আটক বা গ্রেপ্তার রাখার নির্দেশনা চেয়ে তদন্ত সংস্থার পক্ষ থেকে আইনজীবীদের (প্রসিকিউটর) মাধ্যমে ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়। ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁকে ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন।