একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এ আদেশ দেন।এর আগে বেলা পৌনে ১১টায় শুনানিতে অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, ‘তিনি (সাকা চৌধুরী) অন্য মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এ জন্য একটি সম্পূরক আবেদন দেওয়া হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসারে কোনো ব্যক্তিকে ট্রাইব্যুনাল সন্তুষ্টি সাপেক্ষে আটকাদেশ বা আদালতে হাজির করার নির্দেশ দিতে পারেন। তিনি ক্ষমতাসীন ও প্রভাবশালী ব্যক্তি। তিনি গ্রেপ্তার না হলে তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে।’ এ সময় আদালত বলেন, ‘আবেদনে পরিবর্তন আনা হয়েছে। মূল বিষয়বস্তুর ওপর বক্তব্য রাখেন।’ গোলাম আরিফ টিপু বলেন, ‘তদন্তে দেখা গেছে, সাকা চৌধুরী ১৯৭১ সালের ১৩ এপ্রিল শান্তিবাহিনী গঠন করে চট্টগ্রামে তাঁর গুডস হিলের বাসায় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছেন। তাঁকে জেলা হাজতে আটক রাখলে আরও তথ্যপ্রমাণ পাওয়া যাবে। দেশে ও বিদেশে তাঁর বিরুদ্ধে অনেক সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে আটক বা গ্রেপ্তার রাখার নির্দেশনা চেয়ে আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থার সদস্যরা ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন জমা দেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম জানিয়েছিলেন, আবেদনের ওপর শুনানির জন্য ট্রাইব্যুনাল আজ (রোববার) দিন ধার্য করেছেন।পর দিন ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে। আত্মগোপনে থাকা অবস্থায় ওই দিন ভোররাতে রাজধানীর বনানীর একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে ঢাকার মগবাজারে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে সাকা চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে আজ পূর্ণ দিবস হরতাল পালিত হচ্ছে।